দেশ ছাড়লেন আফগান প্রেসিডেন্ট
০৯:২১ পিএম | ১৫ আগস্ট, ২০২১
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি দেশ ছেড়ে তাজিকিস্তান যাচ্ছেন। ইতিমধ্যে রাজধানী কাবুল ছেড়েছেন তিনি।
আজ রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে।
মার্কিনসহ বিদেশের সব সেনা প্রত্যাহারের চলমান প্রক্রিয়ার মধ্যেই মাত্র দশ দিনে গোটা আফগানিস্তান দখলে নিয়ে তালেবানরা রাজধানী কাবুলে ঢোকার পর আশরাফ গনির দেশ ত্যাগের এ খবর এল।
তালেবানের একজন প্রতিনিধি বলেন, আশরাফ গনি কোথায় আছেন, তা জানতে তল্লাশি চালিয়েছে। এই প্রতিনিধি সকালেই কাবুলে প্রবেশ করেন।
এর আগে আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ মোহাম্মদী বলেছিলেন, প্রেসিডেন্ট আশরাফ গনি দেশের চলমান সংকট নিরসনে দেশের রাজনৈতিক নেতাদের হাতে ক্ষমতা তুলে দিয়েছেন।