© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্পেনে জরুরি অবতরণ করা বিমান থেকে পালাতে গিয়ে ১২জন আটক

শেয়ার করুন:
স্পেনে জরুরি অবতরণ করা বিমান থেকে পালাতে গিয়ে ১২জন আটক
মোজো ডেস্ক
০৩:৩৮ পিএম | ০৭ নভেম্বর, ২০২১

স্পেনের পালমা দ্য মায়োর্কা বিমানবন্দরে জরুরি অবতরণের পর বিমান থেকে পালানোর চেষ্টার সময় ১২ জনকে আটক করেছে পুলিশ। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে এক যাত্রী গুরুতর অসুস্থ হওয়ার কথা বলে বিমানটি জরুরি অবতরণ করানো হয়।


পুলিশ জানিয়েছে, অসুস্থ ব্যক্তিকে নামানোর সময় ২১ জন পালানোর চেষ্টা করেন। তাদের ধরতে অভিযান শুরুর পর ১২ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এখনও পলাতক রয়েছেন বাকিরা। বিমানটি মরক্কোর কাসাব্লাঙ্কা থেকে তুরস্কের ইস্তাম্বুল যাচ্ছিল। এক সময় একজন যাত্রীর অসুস্থতার কারণ দেখিয়ে স্পেনের পালমা দ্য মায়োর্কা বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।

এই ঘটনার পর চার ঘণ্টা স্পেনের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দরটির সব কার্যক্রম বন্ধ রাখা হয়। এতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক প্রায় ৬০টি ফ্লাইটের অবতরণ ও উড্ডয়ন বন্ধ হয়ে যায়। এ ঘটনার পর এয়ার এরাবিয়া মারোক নামের বিমানটি বাকি যাত্রীদের নিয়ে তুরস্কের উদ্দেশে ছেড়ে যায়।

এদিকে, অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নেয়া হলে তিনি সম্পূর্ণ সুস্থ বলে জানান চিকিৎসক। এরপরই তাকে গ্রেপ্তার করে পুলিশ। যাত্রীদের পালানো বিচ্ছিন্ন ঘটনা, নাকি অবৈধভাবে স্পেনে প্রবেশের চেষ্টা, তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।

মন্তব্য করুন