মাঝ আকাশে ভারতীয় দুই যুদ্ধবিমানের সংঘর্ষ, পাইলট নিহত
মাঝ আকাশে সংঘর্ষ লেগে ভারতীয় বিমানবাহিনীর দুটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।
বিমান দুটি মাটিতে পড়ার সাথে সাথেই আগুন ধরে যায়। এতে এক পাইলট নিহত হয়েছেন।
অপর দুই পাইলট বিমান থেকে নিরাপদে বেরিয়ে এসেছেন।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটের দিকে দেশটির দক্ষিণাঞ্চলের প্রদেশ কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে এ ঘটনা ঘটে।
ইয়েনি শাফাকের এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ব্যাঙ্গালুরুর ইয়েলাহানকা বিমানঘাঁটিতে অনুশীলনের সময় বিমান দুটির সংঘর্ষ হয়। বিমান বিধ্বস্তের পর ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ।
ব্যাঙ্গালুরু পুলিশ এমএন রেড্ডি বলেন, বিমান দুটিতে তিনজন পাইলট ছিলেন। তাদের মধ্যে একজন মারা গেছেন। অপর দুজন আহত হয়ে হাসপাতালে থাকলেও তারা শঙ্কামুক্ত।
জানা গেছে, একদিন পরই দেশটির বিমানবাহিনীর আনুষ্ঠানিক মেগা মহড়া শুরু হওয়ার কথা রয়েছে ব্যাঙ্গালুরুতে।
দেশটির বিমানবাহিনী ব্যাঙ্গালুরুতে এরো ইন্ডিয়া-২০১৯ নামে আগামী ২০ থেকে ২৪ ফেব্রুয়ারি মহড়া চালাবে। হাজার হাজার মানুষ এই মহড়া দেখবেন।
টাইমস/জেডটি