আদালতের রায় মেনে নেওয়ার ঘোষণা ইমরানের
১২:৩৮ এএম | ০৯ এপ্রিল, ২০২২
আদালতের রায় মেনে নেওয়ার ঘোষণা ইমরানের
অনাস্থা ভোটের প্রস্তাব বাতিল ও পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে পাকিস্তানের সুপ্রিম কোর্টের দেওয়া রায়ে ‘স্তব্ধ’ হলেও মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধামন্ত্রী ইমরান খান। খবর জিও নিউজের।
শুক্রবার (৮ এপ্রিল) রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।
ইমরান খান বলেন, সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়েছি। তবে, আমদানি করা কোনো সরকার মেনে নেবো না, জনগণের কাছে যাবো।
পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি পুনর্বহালে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে ইমরান বলেন, সুপ্রিম কোর্টের উচিত ছিল ‘বিদেশি ষড়যন্ত্রের’ বিষয়ে অন্তত একটি তদন্তের নির্দেশ দেওয়া।
পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান শাহবাজ শরিফের সমালোচনা করে তিনি বলেছেন, শেরওয়ানি পরে শপথগ্রহণের জন্য প্রস্তুত থাকা শাহবাজ বিদেশি ষড়যন্ত্রের সঙ্গে জড়িত।
আরও পড়ুন: অদূর ভবিষ্যতে ইউক্রেন অভিযানের শেষ দেখছে ক্রেমলিন
‘হুমকির চিঠি’ সম্পর্কে কথা বলতে গিয়ে ইমরান বলেন, এটি ছিল তাদের দেশে দূতাবাস দ্বারা পাঠানো একটি কোডেড বার্তা। যা মিডিয়া ও জনগণের সামনে বললে কোডগুলো এবং পাকিস্তানের সব গোপন তথ্য উন্মোচিত হয়ে যেতো। তাই এই বার্তাটি বলা নিষেধ ছিল।
তিনি বলেন, পাকিস্তানি রাষ্ট্রদূত এবং মার্কিন কর্মকর্তার মধ্যে বৈঠকের পরে অভিযোগ করা হয়েছিল যে আমার রাশিয়া সফর করা উচিত হয়নি।
ইমরান খান আরও বলেন, পাকিস্তানের তরুণদের সামনে আমরা কি উদাহরণ দিয়ে যাচ্ছি। তারা যদি দেখে রাজনীতিবীদরা তাদের বিবেককে বিক্রি করে দিচ্ছে কি শিখবে?