টুইটারের বাণিজ্যিক ব্যবহারে মাশুল বসাতে চান ইলন মাস্ক
০১:৪৯ পিএম | ০৫ মে, ২০২২
ব্যবসায়িক ও সরকারি কাজে টুইটার ব্যবহারকারীদের ভবিষ্যতে কিছু মাশুল গুনতে হতে পারে। তবে সাধারণ ব্যবহারকারীরা বিনা পয়সায় টুইটার ব্যবহারের সুযোগ পাবেন, এমন আভাসই দিয়েছেন টুইটারের সিংহভাগ মালিকানা কিনে নেওয়া বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এমন তথ্য উঠে এসেছে।
ইলন মাস্ক বলেছেন, ভবিষ্যতে ব্যবসায়িকভাবে ও সরকারি কাজে টুইটার ব্যবহারের ক্ষেত্রে সামান্য কিছু ‘মাশুল’ দিতে হতে পারে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইলন মাস্ক সম্প্রতি টুইটারে তাঁর এক বার্তায় ব্যবসায়িক ও সরকারি কাজে টুইটার ব্যবহারকারীদের কাছ থেকে কিছু ‘খরচ’ নেওয়ার পরিকল্পনার কথা জানান। তবে বিবিসি এ বিষয়ে টুইটার কর্তৃপক্ষের বক্তব্য জানতে চেয়েও কারও বক্তব্য পায়নি।
সম্প্রতি ৪৪ বিলিয়ন বা ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে টুইটার কিনে নেওয়ার চুক্তি করেন ইলন মাস্ক। এরপরই টুইটারের বাণিজ্যিক ব্যবহারকারীদের ওপর মাশুল আরোপের পরিকল্পনার কথা জানান তিনি।
তিনি জানান, টুইটারে নতুন নতুন ফিচার যুক্ত করা হবে। যাতে ব্যবহারকারীরা আরও বেশি সামাজিক এ যোগাযোগমাধ্যম ব্যবহারে আগ্রহী হয়ে ওঠেন।
তিনি এও বলেছেন, কয়েক বছরের মধ্যে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমটিকে পুঁজিবাজারে ফিরিয়ে আনবেন।
টুইটার কেনার চুক্তি অনুযায়ী, ইলন মাস্ক প্রতিষ্ঠানটির সব শেয়ার কিনে নেবেন। এর ফলে শেয়ারবাজারে তালিকাভুক্ত পাবলিক কোম্পানিটি প্রাইভেট, তথা ব্যক্তিগত কোম্পানিতে পরিণত হবে।