ঢাকা আইনজীবী সমিতির স্থগিত ভোট বৃহস্পতিবার
ঢাকা আইনজীবী সমিতির (বার) ২০১৯-২০ কার্যনির্বাহী পরিষদের স্থগিত হওয়া ভোট বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
এদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোট নেয়া হবে। তবে মাঝে এক ঘণ্টার বিরতি থাকবে।
রোববার আইনজীবী সমিতির সাধারণ সভায় বৃহস্পতিবার ভোট গ্রহণের সিদ্ধান্ত হয়।
গত ২৭ ফেব্রুয়ারি প্রথম দিনের ভোট গ্রহণ শেষে সরকারি ছুটি ও বৈরী আবহাওয়ার কারণে দ্বিতীয় দিনের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল।
ঢাকা আইনজীবী সমিতি এশিয়ার বৃহত্তম আইনজীবী সমিতি হিসেবে পরিচিত। সমিতির সদস্য সংখ্যা ২৪ হাজার ৬৮৪ জন। সদস্যদের মধ্যে ১৭ হাজার ৮৯৭ জন ভোটার হয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত সাদা প্যানেল এবং বিএনপি ও জামায়াত-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য মনোনীত নীল প্যানেলের ২৭টি পদে মোট ৫৪ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাদা প্যানেলে সভাপতি পদে গাজী শাহ আলম ও সাধারণ সম্পাদক পদে মো. আসাদুজ্জামান খান নির্বাচন করছেন। নীল প্যানেলে সভাপতি পদে মো. ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক পদে মো. হোসেন আলী খান লড়ছেন।
টাইমস/জেডটি