এ বছরই বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটি ছাড়াবে
ছবি: সংগৃহীত
০৯:১৬ পিএম | ০৭ নভেম্বর, ২০২২
চলতি বছরের নভেম্বর মাসে বিশ্বের জনসংখ্যা ৮ বিলিয়ন বা ৮০০ কোটিতে পৌঁছে যাবে বলে ধারণা জাতিসংঘের। তবে আগামী দশকে জনসংখ্যা বৃদ্ধির ধারা হ্রাস পাবে ও আঞ্চলিক বৈষম্যও বৃদ্ধি পাবে।
বিশ্বের জনসংখ্যার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের জনসংখ্যা বিভাগ অনুমান করছে, ১৫ নভেম্বরের মধ্যে ৮০০ কোটি হবে। ১৯৫০ সালে জনসংখ্যা ছিল ২৫০ কোটি।
জাতিসংঘের জনসংখ্যা তহবিলের কর্মকর্তা রাচেল স্নো এএফপিকে বলেন, ১৯৬০ সালের দিকে বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির হার নাটকীয়ভাবে হ্রাস পায়।
বার্ষিক প্রবৃদ্ধি ১৯৬২ থেকে ১৯৬৫ সালের মধ্যে সর্বোচ্চ ২.১% হয়। ২০২০ সালে এটি ১% এর নিচে নেমে আসে।
জনসংখ্যার ক্রমাগত হ্রাসের কারণে এই সংখ্যা ২০৫০ সালের মধ্যে প্রায় ০.৫% এ নেমে যেতে পারে।
প্রত্যাশিত আয়ু বৃদ্ধির পাশাপাশি সন্তান জন্মদান বৃদ্ধি পাওয়ার হারের বিষয়ে জাতিসংঘ বলছে, ২০৩০ সালে জনসংখ্যা ৮৫০ কোটি, ২০৫০ সালে ৯৭০ কোটি আর ২০৮০ সালের দিকে ১০৪০ কোটি হতে পারে।
যদিও ইউএস-ভিত্তিক ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন (আইএইচএমই) ২০২০ সালের এক সমীক্ষায় বলেছিল, ২০৬৪ সালে বিশ্বব্যাপী জনসংখ্যা সর্বাধিক বৃদ্ধি পাবে। তবে সেটা কখনোই ১০০০ কোটি হবে না। এমনকি ২১০০ সালে ৮৮০ কোটিতে নেমে আসবে জনসংখ্যার পরিমাণ।
আইএইচএমই গবেষণার প্রধান লেখক স্টেইন এমিল ভলসেট এএফপিকে বলেন, যথাযথ কারণ থাকায় আমাদের গণনা সঠিক বলে মনে করছি।
ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের অধ্যাপক বলেন, জনসংখ্যার হার বেশি কম হওয়ার বিষয়ে বিভিন্ন অঞ্চলের গড় জনসংখ্যার হারের একটি প্রভাব রয়েছে। সেই হিসেবে জনসংখ্যা মাত্র নয় থেকে ১০০০ কোটির মধ্যে পৌঁছাবে।