জজ কোর্টে লিফট দুর্ঘটনায় কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে রিট
ঢাকা জজ কোর্টে লিফট ছিঁড়ে ছয় আইনজীবীসহ মোট ১৪ জন আহত হওয়ার ঘটনায় তাদের প্রত্যেকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে একটি রিট দায়ের করা হয়েছে।
রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট মাহফুজুর রহমানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া এ রিট আবেদনটি করেন।
রিট আবেদনে আহতদের প্রত্যেককে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। এ ছাড়া ১৫ দিনের মধ্যে পুরনো লিফট পরিবর্তন করে নতুন লিফট পুনঃস্থাপনের নির্দেশনা চাওয়া হয়েছে আবেদনে।
বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া।
এর আগে বৃহস্পতিবার সকাল ১০টা ১০ মিনিটে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পুরাতন ভবনের পাঁচতলা থেকে একটি লিফট ছিঁড়ে পড়ে। এতে ছয় আইনজীবীসহ মোট ১৪ জন গুরুতর আহত হয়। লিফটটির মালিক বজলুর রহমান এবং রশিদ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান লিফটটি রক্ষণাবেক্ষণ করত।
টাইমস/এএস/এইচইউ