দেশের মানুষের আস্থা-বিশ্বাসই আওয়ামী লীগের বড় শক্তি: শেখ হাসিনা
০৩:৪৫ পিএম | ২৫ ডিসেম্বর, ২০২২
দেশের মানুষের আস্থা-বিশ্বাসই আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ‘আমাদের আর কোনো শক্তি নেই। একমাত্র জনগণের শক্তিতেই আমরা বিশ্বাস করি। জনগণ সঙ্গে থাকলে দেশের উন্নয়ন কেউ আটকাতে পারবে না।’
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে রবিবার দুপুরে দলের নতুন নেতৃত্ব ও জেলার নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সংক্ষিপ্ত বক্তব্যে আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি শেখ হাসিনা একথা বলেন।
দলের ২২তম জাতীয় কাউন্সিলের মাধ্যমে টানা দশমবারের সভাপতি নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানান আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি জেলা পর্যায়ের নেতারাও গণভবনে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষের আস্থা-বিশ্বাস; এটাই আমাদের বড় শক্তি। জনগণকে যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে এ দেশের মানুষের উন্নয়ন কেউ আটকাতে পারবে না।’
আওয়ামী লীগ সভাপতি বলেন, সংগঠন বলতে যদি কিছু বোঝায়, তাহলে সারা বাংলাদেশে শুধু আওয়ামী লীগই আছে। কারণ আমরা তো মাটি-মানুষ থেকে গড়ে ওঠা সংগঠন।’
বিএনপি ও জাতীয় পার্টির মতো দলগুলো সেনাশাসকদের পকেট থেকে সৃষ্ট দল মন্তব্য করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বলেন, ‘বিএনপি-জাতীয় পার্টি এগুলো তো অবৈধভাবে, সংবিধান লঙ্ঘনকারী একেকজন শাসকদের পকেট থেকে বের হওয়া দল; যারা ভাসমান।’
এর আগে সকাল ১০টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা।