বিএনপিকে আর ছাড় নয়: কাদের
০৯:২৪ পিএম | ২৭ ডিসেম্বর, ২০২২
বিএনপিকে অনেক ছাড় দেওয়া হয়েছে, আর ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাদের নিয়ে বর্ধিত সভা শেষে এ মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি গণমিছিলের নামে সারাদেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে অগ্নিসন্ত্রাস এবং ভাঙচুরের মতো সহিংসতা করার ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতায় বিএনপিকে অনেক ছাড় দেওয়া হয়েছে আর ছাড় দেওয়া হবে না।
কাদের বলেন, বিএনপির ১০ তারিখে ঢাকায় মহাসমাবেশের ষড়যন্ত্র সফল হয়নি। সেটি কর্পূরের মত উড়ে গেছে। এখন তারা গণমিছিলের নামে নতুন করে ষড়যন্ত্র শুরু করছে।
তিনি বলেন, বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক পাহারায় ছিলো। ওই দিন ঢাকা মহানগরের রাজপথ কার্যত আওয়ামী লীগের দখলে ছিল। এর মাধ্যমে সেদিন বিএনপি নেতৃত্বাধীন অপশক্তিকে রুখে দিয়েছিল।
বিএনপির যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করতে ১০ তারিখের মত ৩০ ডিসেম্বরও রাজপথে নেতাকর্মীদের অবস্থান নিয়ে সতর্ক পাহারায় থাকার নির্দেশ দেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ সংঘাত চায় না উল্লেখ করে কাদের বলেন, আমরা আক্রমণ করব না। তবে আঘাত এলে পাল্টা আঘাত হবে কিনা তা উদ্ভূত পরিস্থিতিতে সিদ্ধান্ত নেয়া হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলী সদস্য আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাসান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, পদপ্তর সম্পদ বিপ্লব বড়ুয়া।