© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

উন্নয়ন নয়, পাকিস্তান মার্কা দেশ চায় বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন:
উন্নয়ন নয়, পাকিস্তান মার্কা দেশ চায় বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী
Times Mojo Desk
০৯:৩৪ পিএম | ৩০ ডিসেম্বর, ২০২২
দেশের উন্নয়ন বিএনপির ভালো লাগে না বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশ এগিয়ে যাওয়াই বিএনপির মাথাব্যথার কারণ। তারা ঠেলাগাড়ির যুগে ফিরতে চায়। পাকিস্তান মার্কা দেশ চায়। তাই প্রতিনিয়তই অগ্নিসন্ত্রাস করে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে ফার্মগেটে ‘সন্ত্রাসী-সংগঠন বিএনপি-জামায়াতের দেশবিরোধী নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে’ মন্ত্রী এসব কথা বলেন।

বিএনপি দেশে সন্ত্রাস কায়েম করতে চাইলে আওয়ামী লীগ বসে থাকবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজাকার-আলবদররা আজ এক হয়েছে, তারা বঙ্গবন্ধুকন্যাকে টেনেহিঁচড়ে ক্ষমতা থেকে নামিয়ে দিতে চায়। কারণ এভাবেই তারা ক্ষমতায় এসে অভ্যস্ত।

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশের মাথাপিছু আয় প্রায় তিন হাজার ডলার হয়েছে জানিয়ে তিনি বলেন, শুধু তা-ই নয়, পদ্মা সেতু ও মেট্রোরেল হয়েছে। বিদ্যুৎ উৎপাদন এখন ২৫ হাজার মেগাওয়াট। শেখ হাসিনা দেশকে আলোকিত করে দেখিয়ে দিয়েছেন।

সমাবেশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন ঢাকা-১২ আসনের নির্বাচনী এলাকা শেরে বাংলা নগর, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল থানা আওয়ামী লীগ, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নেতাকর্মীরা।

মন্তব্য করুন