© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপির আগ্রহ না থাকারই কথা: কাদের

শেয়ার করুন:
বিএনপির আগ্রহ না থাকারই কথা: কাদের
মোজো ডেস্ক
০৩:২৩ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৩
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্র ও সংবিধানের প্রতি ‘আগ্রহ নেই’ বলে নতুন রাষ্ট্রপতি নিয়েও বিএনপির আগ্রহ নেই।

নির্বাচন কমিশন সোমবার রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের প্রার্থী মো. সাহাবুদ্দিনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের এ কথা বলেন।

আগের দিন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছিলেন, এ নিয়ে তার দলের কোনো ‘আগ্রহ নেই’।

“এই সরকার কী করছে, না করছে, এসব বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না।”

খন্দকার মোশাররফের ওই বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের সোমবার বলেন, “আমরা এমন কোনো রাষ্ট্রপতি করিনি যার নাম ইয়াজউদ্দিন, কার্যক্রমে ইয়েস উদ্দিন।… আমরা মুক্তিযুদ্ধবিরোধী, স্বাধীনতাবিরোধী, কোনো অপশক্তিকে মনোনয়ন দিইনি। টেরোরিজমে বিশ্বাস করে, আগুন সন্ত্রাসে বিশ্বাস করে এমন কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিইনি।

বিএনপির ‘অনাগ্রহের’ প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এখানে তাদের আগ্রহ থাকবে না। দেশের সংবিধানে, গণতন্ত্রে তাদের কোনো আগ্রহ নেই। গণতন্ত্র ও সংবিধানে আগ্রহ যদি না থাকে, তাহলে রাষ্ট্রপতি কে হলো না হলো তা নিয়ে তাদের আগ্রহ না থাকারই কথা।

“এ নিয়ে আমরা অবাক হইনি। বিএনপি এমনই বলবে, এটা তাদের মুখে শোভা পায়। আমরা স্পষ্ট বলতে চাই- আমরা প্রতিযোগিতামূলক নির্বাচন চাই। বিএনপির মত দল নির্বাচনে থাকুক এটাও আমাদের প্রত্যাশা।”

ওবায়দুল কাদের বলেন, সংবিধান রাষ্ট্রপতিকে যে দায়িত্ব দিয়েছে, সেটাই তিনি করবেন, সংবিধানের বাইরে কিছু করার থাকবে না।

মন্তব্য করুন