© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অসুস্থ আ.লীগ নেতা দীন মোহাম্মদ, চিকিৎসার দায়িত্ব নিলেন যুবলীগ নেতা এলিট

শেয়ার করুন:
অসুস্থ আ.লীগ নেতা দীন মোহাম্মদ, চিকিৎসার দায়িত্ব নিলেন যুবলীগ নেতা এলিট
মোজো ডেস্ক
০৯:৪৬ এএম | ০৯ এপ্রিল, ২০২৩
হৃদরোগে আক্রান্ত হয়ে এক সময়ের তুমুল জনপ্রিয় আওয়ামী লীগ নেতা দীন মোহাম্মদ শয্যাশায়ী। কিছুদিন আগে হঠাৎ বুকে ব্যথা অনুভব হওয়ায় হাসপাতালে নিয়ে গেলে হার্টে রিং পরানোর পরামর্শ দেন চিকিৎসক। তবে পর্যাপ্ত অর্থ না থাকার কারণে তিনি চিকিৎসকের সেই পরামর্শ বাস্তবায়ন করতে পারছিলেন না। পরে এ নিয়ে তাঁর পরিবারের পক্ষ থেকে আওয়ামী লীগের সাবেক ও বর্তমান অনেক নেতৃবৃন্দের সঙ্গেও যোগাযোগ করা হয়। তবে কোনো সদুত্তর পাননি। পরবর্তীতে অসুস্থতার খবর পেয়ে তাঁর চিকিৎসার দায়িত্ব নেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট।

অসুস্থ দীন মোহাম্মদ বলেন, ‘অসুস্থ হওয়ার পর দলের অনেকের কাছেই সাহায্য চেয়েছি। আমার পরিবারও অনেকের সঙ্গে যোগাযোগ করেছে। তবে কেউ এগিয়ে আসেনি। পরে আমার অসুস্থতার খবর শুনে আমাকে দেখতে ছুটে আসে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট।’

এলিটের প্রশংসা করে তিনি বলেন, ‘এলিট আমাকে দেখতে এসেছে। আমি অনেক খুশী হয়েছি। দীর্ঘদিন সে মিরসরাইয়ে অবহেলিত, ত্যাগী সাবেক ও বর্তমান ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশে আছে। সে সব সময় তাদের খোঁজ খবর নিচ্ছে। আমি তার সফলতা কামনা করছি।’

এদিকে দেশের বাইরে থাকায় তিনি এ বিষয়ে সঠিক সময়ে খবরটি পাননি বলে জানিয়েছেন নিয়াজ মোর্শেদ এলিট। পরে আজ শনিবার (৮ এপ্রিল) দেশে ফিরে এসে সরাসরি নিজ গ্রামের বাড়ি মিরসরাইয়ে যান এবং আওয়ামী লীগ নেতা দীন মোহাম্মদের বাড়িতে গিয়ে তাঁর খোঁজ-খবর নেন। একইসঙ্গে তাঁর চিকিৎসার সকল দায়িত্ব নিয়েছেন বলে জানান তিনি। এসময় প্রাথমিকভাবে চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা দীন মোহাম্মদের হাতে তুলে দেন যুবলীগের কেন্দ্রীয় এ নেতা।

নিয়াজ মোর্শদ এলিট বলেন, ‘আমি দেশের বাইরে থাকা অবস্থায় জানতে পারি, আমার জন্মস্থান মিরসরাই উপজেলার আওয়ামী রাজনীতির দূর সময়ের নেতা আমাদের অন্যতম অগ্রজ দীন মোহাম্মদ ভাই অসুস্থ। তাই আমি আমার সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসি এবং আজকে উনাকে দেখতে যাই। দীন মোহাম্মদ ভাইদের মতো ত্যাগী নেতাদের ত্যাগের বিনিময় আজকের আওয়ামী লীগ দাঁড়িয়ে আছে এবং উনারাই দলের মূল শক্তি ও ভিত্তি। অথচ আমরা উনাদের যথাযথ মূল্যায়ন করতে পারিনি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি উনার চিকিৎসার খরচের দায়িত্ব আমি নিব। এছাড়া উনার এবং পরিবারের যেকোনো সহযোগিতায় আমি এগিয়ে আসবো।’

এসময় আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিটের সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীসহ মিরসরাই উপজেলা এবং চট্টগ্রাম উত্তর জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগ মিরসরাই উপজেলার ৯ নম্বর ইউনিয়নের অন্তর্গত মিরসরাই সদরে এক সময় তুমুল জনপ্রিয় ছিলেন এই ছাত্রনেতা। একাধারে তিনবারের নির্বাচিত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন। রাজনীতির পাশাপাশি ছিলেন দক্ষ সামাজিক সংগঠকও। এছাড়াও সামাজিক সংগঠন মিতালী ক্লাবের অন্যতম উদ্যোক্তা তিনি।

মন্তব্য করুন