© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিচারকের বাসায় গিয়ে ঘুষ দাবি, পুলিশের দুই বছর কারাদণ্ড

শেয়ার করুন:
বিচারকের বাসায় গিয়ে ঘুষ দাবি, পুলিশের দুই বছর কারাদণ্ড
own-reporter
০৩:৩৮ পিএম | ২১ মার্চ, ২০১৯

পাসপোর্টের পুলিশ যাচাই-বাছাইয়ের (ভেরিফিকেশন) জন্য ঘুষ নেয়ার বিষয়টি যেন পুলিশদের অধিকারের পর্যায়ে চলে গেছে। পাসপোর্ট করবেন অথচ ভেরিফিকেশনের জন্য টাকা দেবেন না- এটা যেন ভাবাই যায় না। তবে কথায় আছে, চোরও দশ ঘর বেছে চুরি করে। কিন্তু তা করেননি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সহকারী উপপরিদর্শক সাদেকুল ইসলাম (সাময়িক বরখাস্ত)। এক বিচারকের বাসায় পাসপোর্ট যাচাই-বাছাই করতে ঘুষ দাবি করেন তিনি। এই অভিযোগে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয় ওই পুলিশ কর্মকর্তাকে।

অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান আসামি সাদেকুল ইসলামকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন।

বিচারক আসামিকে দণ্ডবিধির ৪১৯ ধারায় এক বছর বিনাশ্রম কারাদণ্ড এবং দুদক আইনের ৫ (২) ধারায় এক বছর বিনাশ্রমে কারাদণ্ডাদেশ দেন। উভয় দণ্ড পৃথকভাবে চলবে বলে আদেশে বলেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, এএসআই সাদেকুল তখন এসবিতে কর্মরত ছিলেন। ২০১৬ সালের ৩০ আগস্ট ওই বিচারপতির বাসায় যান। নিজেকে এসআই আবদুস সালাম পরিচয় দেন। বিচারপতির দুই মেয়ের পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশনের জন্য ওই বিচারপতির স্ত্রীর কাছে ২ হাজার টাকা ঘুষ চান। তখন সাদেকুল ইসলাম বলেন, ‘প্রতিটি ভেরিফিকেশনের জন্য ১ হাজার টাকা দিতে হবে। এই টাকা না দিলে ভেরিফিকেশন হবে না।’

এ ঘটনা ওই বিচারপতিকে জানান তার স্ত্রী। পরে আদালতের নির্দেশে সাদেকুল উচ্চ আদালতে হাজির হন। আদালতের কাছে তিনি ক্ষমা চান। আদালত শুনানি নিয়ে এএসআই সাদেকুলের বিরুদ্ধে মামলা ও তাকে গ্রেপ্তার করতে বলেন। সুপ্রিম কোর্টের তৎকালীন স্পেশাল অফিসার হোসনে আরা বাদী হয়ে শাহবাগ থানায় ২০১৬ সালের ৩১ আগস্ট এএসআই সাদেকুলের বিরুদ্ধে মামলা করেন।

 মামলাটি তদন্ত করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক রাহিলা খাতুন আসামি সাদেকুল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। ২০১৮ সালের ৮ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। দুদকের পক্ষ থেকে চারজন সাক্ষীকে আদালতে হাজির করা হয়।

রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন আসামি সাদেকুল ইসলাম। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা ইস্যু করে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সাদেকুল ইসলাম ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি থানার চড়োল গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে।

 

 

টাইমস/এসআই

মন্তব্য করুন