© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাফর ইকবাল হত্যাচেষ্টা মামলার সাক্ষ্য

শেয়ার করুন:
জাফর ইকবাল হত্যাচেষ্টা মামলার সাক্ষ্য
own-reporter-sylhet
০৫:০০ পিএম | ২১ মার্চ, ২০১৯

বিশিষ্ট লেখক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল হত্যাচেষ্টা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মমিনুন নেসার মামলার বাদী বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মুহাম্মদ ইশফাকুল হোসেনের সাক্ষ্য গ্রহণ করেন। এর মধ্য দিয়ে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হলো।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের এপিপি মাসুক আহমদ জানান, ড.জাফর ইকবালের ওপর হামলা মামলায় প্রথমে ৫৬ জনের সাক্ষী নেওয়া হবে। এরপর ২৫ এপ্রিল পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে। এই সাক্ষ্য গ্রহণের সময় প্রধান আসামি ফয়জুলসহ ছয় আসামি উপস্থিত ছিলেন। ৬ আসামিরা হলেন- ফয়জুল, তার বন্ধু সোহাগ মিয়া, বাবা আতিকুর রহমান, মা মিনারা বেগম, মামা ফজলুল হক ও ভাই এনামুল হাসান।

এপিপি মাসুক জানান, ঘটনার বিভিন্ন স্থিরচিত্র, সিসি ক্যামেরার ফুটেজ ও অন্যান্য সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করে তাদের ছয়জনের নামে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। ফয়জুল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

জবানবন্দিতে ফয়জুল বলেছেন, ২০১৬ সালে তার বন্ধু সোহাগের কাছ থেকে একটি মেমোরি কার্ডে জসিম উদ্দিন রহমানী, তামিম ইল আদরানী এবং অলিপুরী হুজুরের ওয়াজ শুনি এবং জসিম উদ্দিন রহমানীর লেখা ‘উন্মুক্ত তরবারী’ বই ও তিতুমীর মিডিয়ার ভিডিও দেখে ধারণা হয় ড. জাফর ইকবাল একজন নাস্তিক। এরফলে তাকে হত্যার ছুড়ি নিয়ে তার উপর হামলা করি।

২০১৮ সালের ৩ মার্চ বিকালে সিলেটের শাহাজালাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মুক্তমঞ্চে এক অনুষ্ঠানে তার উপর হামলা চালায় মাদ্রাসা ছাত্র ফয়জুল হাসান। এই হামলার ঘটনায় বাদী হয়ে জালালাবাদ থানায় সন্ত্রাসবিরোধী আইনে বাদী হয়ে মামলা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ইশফাকুল।

২০১৮ সালের ২৬ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলার বিচারকাজ শুরু হয়েছিলো ৪ অক্টোবর।

 

টাইমস/এসআর/এইচইউ

মন্তব্য করুন