ডুমুরিয়া উপজেলা নির্বাচন স্থগিত করে আদালতের রুল
খুলনার ডুমুরিয়া উপজেলা নির্বাচন ১০ এপ্রিল পর্যন্ত স্থগিত করে রুল জারি করেছেন হাইকোর্ট। আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থীর মধ্যে একজনকে নৌকা প্রতীক বরাদ্দ না দেওয়া নিয়ে আপিল আবেদনের নিষ্পত্তি না হওয়ায় এই স্থগিতাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে আপিল আবেদনটি ৩ এপ্রিলের মধ্যে খুলনার ডেপুটি কমিশনারকে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম. কে. রহমান। সঙ্গে ছিলেন আইনজীবী আরিফ মঈনুদ্দিন চৌধুরী।
স্থগিতাদেশের পাশাপাশি নির্বাচনের আগে প্রার্থীর আপিল আবেদন কেন নিষ্পত্তি করা হবে না এবং কেন রিটকারীকে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, ডুমুরিয়া উপজেলা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত খুলনার ডেপুটি কমিশনারসহ (আপিল নিষ্পত্তিকারী) সংশ্লিষ্ট ৫ বিবাদীকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে খুলনার ডুমুরিয়া উপজেলা নির্বাচনে মোস্তফা সরোয়ার এবং শাহনেওয়াজ হোসাইনকে চেয়ারম্যান পদে নির্বাচন করতে প্রাথমিকভাবে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। এরপর শাহনেওয়াজ হোসাইনকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে রিটার্নিং অফিস থেকে মোস্তফা সরোয়ারকে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
এরপর রিটার্নিং অফিসের প্রতীক বরাদ্দের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ৭ মার্চ আপিল করেন শাহনেওয়াজ হোসাইন। জেলার ডুমুরিয়া উপজেলায় ৩১ মার্চ নির্বাচন হওয়ার কথা।
টাইমস/এইচইউ