© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নেত্রকোণার পাঁচ রাজাকারের ফাঁসি

শেয়ার করুন:
নেত্রকোণার পাঁচ রাজাকারের ফাঁসি
own-reporter
১২:৪৩ পিএম | ২৮ মার্চ, ২০১৯

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় অপহরণ, নির্যাতন, লুটপাট, হত্যা, ধর্ষণের মত মানবতাবিরোধী অপরাধের সাতটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় নেত্রকোণার পূর্বধলার পলাতক পাঁচ আসামির ফাঁসির রায় ঘোষণা করেছে যুদ্ধাপরাধ আদালতে।

বৃহস্পতিবার বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণা করে।

পলাতক এই পাঁচ আসামি হলেন- শেখ মো. আব্দুল মজিদ ওরফে মজিদ মাওলানা, মো. আব্দুল খালেক তালুকদার , মো. কবির খান, আব্দুস সালাম বেগ ও নুরউদ্দিন।

একাত্তরে তারা নেজামে ইসলামী ও মুসলিম লীগের মত স্বাধীনতাবিরোধী দলের সদস্য হিসেবে রাজাকার বাহিনীতে যোগ দেন এবং পাকিস্তানি বাহিনীর সহযোগিতায় বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ ঘটান বলে উঠে এসেছে এ মামলার বিচারে।

২৪০ পৃষ্ঠার রায়ে আদালত বলেছে, আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা সাতটি অভিযোগই প্রমাণিত হয়েছে। আসামিরা সবাই পলাতক। অপরাধী বলেই তারা পালিয়ে আছে। নিরপরাধ হলে তারা বিচারের মুখোমুখি হত।

এই রায়ের এক মাসের মধ্যে সর্বোচ্চ আদালতে আপিল করার সুযোগ পাবেন আসামিরা। তবে সেজন্য তাদের আত্মসমর্পণ করতে হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত রায় আসা ৩৬টি মামলার ৯২ আসামির মধ্যে পাঁচজন বিচারাধীন অবস্থায় মারা গেছেন। মোট ৮৫ জনের সাজা হয়েছে, যাদের মধ্যে ৫৮ যুদ্ধাপরাধীর সর্বোচ্চ সাজার রায় এসেছে।

 

 

টাইমস/এসআই

মন্তব্য করুন