পা হারানো রাসেলকে ৫০ লাখ টাকা দেওয়ার আদেশ বহাল
রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে গ্রিনলাইন পরিবহনের বাসচাপায় পা হারানো প্রাইভেটকার চালক রাসেল সরকারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
রোববার হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে গ্রিন লাইন কর্তৃপক্ষের করা আবেদন আপিল বিভাগ খারিজ করে দিয়েছেন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে ১২ মার্চ রাসেল সরকারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। পরে এ আদেশের বিরুদ্ধে আপিল করে গ্রিনলাইন কর্তৃপক্ষ।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা, গ্রিনলাইনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট অজিউল্লাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।
পরে রিট আবেদনকারী আইনজীবী উম্মে কুলসুম স্মৃতি বলেন, আপিল বিভাগের এ আদেশের ফলে রাসেল সরকারকে ৫০ লাখ টাকাসহ যাবতীয় খরচ দিতে হাই কোর্টের আদেশটি বহাল থাকছে।
২০১৮ সালের ২৮ এপ্রিল যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারে গ্রিনলাইন পরিবহনের বাস চাপায় পা হারান প্রাইভেটকার চালক রাসেল সরকার।
পরে ওই বছরের ১৪ মে ক্ষতিপূরণ চেয়ে সাবেক সাংসদ আইনজীবী উম্মে কুলসুম হাই কোর্টে একটি রিট আবেদন করেন।
টাইমস/এইচইউ