© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুমিল্লার হত্যা মামলায় খালেদা জিয়ার জামিন স্থগিত

শেয়ার করুন:
কুমিল্লার হত্যা মামলায় খালেদা জিয়ার জামিন স্থগিত
central-desk
০৫:৪১ পিএম | ৩১ মার্চ, ২০১৯

কুমিল্লার চৌদ্দগ্রামে দায়ের করা হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন আগামী ৭ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।

একইসঙ্গে রাষ্ট্রপক্ষের করা আবেদনটি আগামী ৭ এপ্রিল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেছেন আদালত।

রোববার খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে করা রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানিতে চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামানের আদালত এ আদেশ দেন।

জামিন চেয়ে করা এক আবেদনের শুনানি নিয়ে গত ৬ মার্চ হাইকোর্ট রুল দিয়ে খালেদা জিয়াকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। এই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে, যা আজ চেম্বার বিচারপতির আদালতে ওঠে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ ও মো. বশির উল্লাহ। খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, মাহবুব উদ্দিন খোকন ও কায়সার কামাল।

এই মামলায় গত ৪ ফেব্রুয়ারি কুমিল্লার আদালত খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেন। এরপর এই মামলায় জামিন চেয়ে গত ২৭ ফেব্রুয়ারি হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ এবং ড. মো. বশির উল্লাহ। অন্যদিকে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

গত ৬ মার্চ এ মামলায় খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ। পরে গত ১৯ মার্চ হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

২০১৫ সালের শুরুর দিকে ২০ দলীয় জোটের ডাকা অবরোধ চলার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে দুষ্কৃতকারীদের ছোড়া পেট্রলবোমায় আইকন পরিবহনের একটি বাসের কয়েকজন যাত্রী দগ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় হত্যা মামলা দায়ের করা হয়। পরে এ মামলায় খালেদা জিয়াকে আসামি দেখানো হয়।

দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে খালেদা জিয়া গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে আছেন।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন