© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্যারোলে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন

শেয়ার করুন:
প্যারোলে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন
মোজো ডেস্ক
০১:২১ পিএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৪
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা (৭৪) প্যারোলে মুক্তি পেয়েছেন। দুর্নীতি এবং ক্ষমতা অপব্যবহারের মামলায় কারাবাসের সাজা ভুগছিলেন তিনি। তবে স্বাস্থ্য সমস্যার কারণে তাকে একটি রাতও জেলে কাটাতে হয়নি। বর্তমানে রাজধানী ব্যাংককে নিজ বাসভবনে অবস্থান করছেন সাবেক থাই প্রধান থাকসিন।

রোববার (১৮ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্বেচ্ছায় ১৫ বছর নির্বাসনে কাটানোর পর গত আগস্টে তিনি দেশে ফিরেই বিমানবন্দর থেকে আটক হন তিনি। থাকসিন পুলিশের একটি হাসপাতালে বন্দি হিসেবে চিকিৎসা নিচ্ছিলেন। আটকের ৬ মাস পরই পুলিশ হাসপাতাল থেকে তাকে মুক্ত করে দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, থাকসিন সিনাওয়াত্রার বয়স ও স্বাস্থ্যগত বিষয় সাপেক্ষে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।

তবে তিনি সুনির্দিষ্ট কোনো শর্তের অধীনে, যেমন মনিটরিং অথবা বিদেশ সফরে নিয়ন্ত্রণের মতো বিষয়ে কিছু জানায় নি কর্তৃপক্ষ।

থাইল্যান্ডের সবচেয়ে সফল নির্বাচিত নেতা ছিলেন থাকসিন। সামরিক অভ্যুত্থানকে সমর্থন দেওয়া রক্ষণশীল রাজ অনুগতদের জন্য দীর্ঘদিন তিনি ছিলেন আতঙ্ক। দুই বছর আগে সামরিক অভ্যুত্থানের পর ২০০৮ সালে তিনি দেশ ছাড়েন। বেশির ভাগ সময় কাটান লন্ডন ও দুবাইয়ে। তার পারিবারিক দল ফিউ থাই পার্টি বর্তমানে দেশে ক্ষমতায়। তাকে দেখা হয় দেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতাদের অন্যতম। তিনি থাইল্যান্ডের গ্রামের সাধারণ লাখ লাখ মানুষের কাছে ভীষণ জনপ্রিয়। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত পূর্ণ মেয়াদ সম্পন্ন করা থাইল্যান্ডের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী তিনি।

মন্তব্য করুন