রাজশাহীসহ দেশের বড় আম বাগানগুলোতে পুলিশ মোতায়েনের নির্দেশ
আগামী সাত দিনের মধ্যে রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলের বড় আম বাগানগুলোতে পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আসন্ন আমের মৌসুমে ক্ষতিকর রাসায়নিকের প্রয়োগ ঠেকাতে মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এই রায় দিয়েছেন।
পাশাপাশি ফলের বাজার ও আড়তগুলোতে আমসহ অন্যান্য ফলে রাসায়নিক মেশানো হচ্ছে কিনা তা নজরদারি করতে জেলা প্রশাসন, পুলিশ ও র্যাবের সমন্বয়ে টিম গঠনের নির্দেশনা দিয়েছেন আদালত।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে এ রায় দেয় আদালত।
আবেদনকারী সংগঠনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম।
আইনজীবী মনজিল মোরসেদ পরে গণামধ্যমকে বলেন, আইজিপি, র্যাবের মহাপরিচালক, বিএসটিআইয়ের ব্যবস্থাপনা পরিচালককে (কেমিক্যাল টেস্টিং উইং) দেশের বড় বড় ফলের বাজার ও আড়তগুলো মনিটরিংয়ে টিম গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আর পুলিশ মোতায়েনের নির্দেশনাটি দেওয়া হয়েছে রাজশাহী বিভাগীয় কমিশনার, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজিকে।
আগামী এক মাসের মধ্যে আদেশ বাস্তবায়ন করে শিল্প সচিব, স্বরাষ্ট্র সচিব, খাদ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক, বিএসটিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক, র্যাবের মহাপরিচালক, বিএসটিআইয়ের পরিচালক (কেমিক্যাল টেস্টিং উইং), রাজশাহী বিভাগীয় কমিশনার, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি এবং এনবিআর চেয়ারম্যানকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ফলে ক্ষতিকর রাসায়নিকের প্রয়োগ রোধে হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের একটি রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি একটি রায় দিয়েছিল।
আইনজীবী মনজিল বলেন, সে রায়ে মামলাটি চলমান ছিল। কিন্তু এই বছর আমের মৌসুমকে সামনে রেখে গত রোববার আমরা আবার হাইকোর্টে আবেদন করি। যার প্রেক্ষিতে আদালত আজ এ আদেশ দিলেন।
টাইমস/জেডটি