© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে আম বাগান পাহারায় থাকবে পুলিশ

শেয়ার করুন:
ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে আম বাগান পাহারায় থাকবে পুলিশ
own-reporter
০৫:২২ পিএম | ১৬ এপ্রিল, ২০১৯

কেমিক্যাল ব্যবহার রোধে রাজশাহীসহ দেশের বড় আম বাগানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন প্রত্যাহার করে নিয়েছে রাষ্ট্রপক্ষ। তাছাড়া একজন ম্যাজিস্ট্রেটের তদারকিতে পুলিশ পাহারার ব্যবস্থার নির্দেশ দিয়েছেন চেম্বার জজ আদালত।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার চেম্বার জজ মো: নুরুজ্জামানের আদালত এই রায় দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার এ তথ্য জানান।

আবদুল্লাহ আল মাহমুদ বাশার জানান, হাইকোর্টের আদেশ সঠিক হয়েছে। এ কারণে আমরা স্থগিতের আবেদন প্রত্যাহার করে নিয়েছি।

এর আগে সোমবার রাজশাহী অঞ্চলের আম বাগানগুলোতে কেমিক্যাল ব্যবহার রোধে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

গত ৯ এপ্রিল রাজশাহী অঞ্চলের আম বাগানগুলোতে কেমিক্যাল ব্যবহার রোধে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের নির্দেশ দেন হাইকোর্ট। রাজশাহীর বিভাগীয় কমিশনার ও রাজশাহী রেঞ্জের ডিআইজিকে আগামী সাত দিনের মধ্যে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এক সম্পূরক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

একইসঙ্গে ফলের বাজার ও গুদামগুলোতে যেন আমে কেমিক্যাল ব্যবহার করতে না পারে সে জন্য পর্যবেক্ষণ টিম গঠন করতে বলা হয়েছে।

পুলিশের আইজি, বিএসটিআইয়ের চেয়ারম্যান, র‌্যাবের মহাপরিচালক এ আদেশ বাস্তবায়ন করে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আদালত বলেছেন, ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের কারণেই মানুষের শরীরে রোগব্যাধি সৃষ্টি হচ্ছে।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন