কোন অপরাধে পদ হারালেন সিরাজগঞ্জের বিএনপি নেতা জুয়েল?
ছবি: সংগৃহীত
১২:০১ পিএম | ২০ জানুয়ারি, ২০২৫
স্কুলছাত্রকে যৌন নিপীড়নের মামলায় বিএনপি নেতা ফকির মো. জুয়েল রানাকে গ্রেপ্তার করেছে র্যাব। আত্মগোপনে থাকা অবস্থায় সিরাজগঞ্জ শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, তিনি সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। স্কুলছাত্রকে যৌন নিপীড়নের ঘটনা প্রকাশ্যে এলে তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করে বিএনপি।
র্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিএনপি নেতা জুয়েল রানার অবস্থান নিশ্চিত করা হয়। এরপর গ্রেপ্তার হন তিনি। পরে তাকে চৌহালী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত ১১ জানুয়ারি রাতে পূর্ব পরিচয়ের সূত্রে চৌহালী উপজেলা সদরের চর সলিমাবাদ বাজার এলাকায় ভুক্তভোগী ছাত্রকে ডেকে নিয়ে যান জুয়েল রানা। সেখানে যৌন নির্যাতন চালান তার ওপর। ঘটনাটি মুহূর্তেই সামাজিক মাধ্যমে আলোড়ন তোলে। জুয়েল রানাকে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান নেটিজেনরা। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে জুয়েল রানার বিরুদ্ধে মামলা করেন।
এমন পরিস্থিতিতে জুয়েল রানাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করে জেলা বিএনপি। এরপর থেকে তিনি আত্মগোপনে থাকেন।
টিএ/