৩ বাহিনীর বদলে যাওয়া পোশাকে যা থাকছে
ছবি: সংগৃহীত
১২:২৬ পিএম | ২১ জানুয়ারি, ২০২৫
বাংলাদেশ পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পুলিশের পোশাক হবে লোহার রংয়ের। র্যাবের পোশাক হবে জলপাই রংয়ের। আর আনসারের পোশাক হবে সোনালি গমের রংয়ের। ১৮টি পোশাক পরিহিত পুলিশ আনসার ও র্যাবের প্রতিনিধি দল থেকে পোশাক নির্বাচন করা হয়।
সোমবার (২০ই জানুয়ারি) আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশ বাহিনী সংস্কারের দাবি ওঠার পাশাপাশি পুলিশের পোশাক পরিবর্তনের দাবিও ওঠে।
জুলাই গণঅভ্যত্থানের পর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৭ দিন পুলিশকে প্রকাশ্যে দেখা যায়নি। সরকার পতনের পরদিন থেকে পুলিশ সদস্যরা বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালনের ঘোষণা দেন। তখন ইউনিফর্ম পরে দায়িত্ব পালনে অস্বস্তির কথা জানিয়েছিলেন পুলিশ সদস্যরা। পুলিশ বাহিনীর বর্তমান ইউনিফর্মে অনেক পুলিশ সদস্যের মন ভেঙে গেছে এবং তারা আর এই পোশাক পরে কাজ করতে ইচ্ছুক নন বলেও দাবি ওঠে।
এদিকে, সবার মন-মানসিকতা পরিবর্তন করা জরুরি। যার শুরুটা হচ্ছে পোশাক পরিবর্তনের মাধ্যমে এমন টা জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। এবং তিনি আরো জানান, এই পরিবর্তন হবে ধীরে ধীরে। পাশাপাশি পুলিশকে জনবান্ধব করতে হলে বাহিনীটির প্রশিক্ষণে পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়াও র্যাবের বিরুদ্ধে গুম, খুন, অপহরণের অভিযোগ তো রয়েছেই।
পুলিশ, র্যাব ও আনসার এই তিন বাহিনীর পোশাকের প্রাথমিক রঙ এবং ডিজাইন প্রকাশ করা হলে, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান আলোচনা, সমালোচনা শুরু হয়। অনেকের কাছেই গ্রহণযোগ্যতা পায়নি নতুন এই পোশাক। কেউ কেউ মজার ছলে বিভিন্ন পোস্ট করছেন। আবার পোশাক পরিবর্তনের জন্য যেই অর্থায়নের প্রয়োজন হবে, সেটার কোন খাত থেকে খরচ হবে, এই কাজে স্বচ্ছতার বিষয়েও অনেকে প্রশ্ন তুলছে। এখন এই তিন বাহিনীর পোশাক চূড়ান্ত ভাবে কোনটি থাকছে এবং এই পরিবর্তন কবে থেকে বাস্তবায়ন করা হবে তা দেখা সময়ের অপেক্ষা।
টিএ/