© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের ফলাফল স্থগিত

শেয়ার করুন:
মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের ফলাফল স্থগিত

ছবি: সংগৃহীত

Times Mojo Desk
১২:৩৮ পিএম | ২১ জানুয়ারি, ২০২৫
মুক্তিযোদ্ধার সন্তান কোটায় নির্বাচিত ১৯৩ জনের ফল স্থগিত করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সোমবার (২০ই জানুয়ারি) সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক রুবীনা ইয়াসমীন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে এই ১৯৩ জনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

কাগজপত্র যাচাইয়ের জন্য তিনটি কমিটি করে দেওয়া হয়েছে। সেই কমিটিগুলো ২৭, ২৮ ও ২৯ জানুয়ারি- এই তিনদিন সমস্ত কাগজপত্র নিয়ে মন্ত্রণালয়ে আসবে। মুক্তিযোদ্ধার সন্তান ছাড়া অন্য কেউ এই তালিকায় রয়ে গেছে কি-না তা যাচাই করে দেখা হবে। যদি সন্তান ছাড়া অন্য কেউ লিস্টে থাকে, তাহলে তার স্থান পাওয়ার কোনো সুযোগই না। এসব জানান অধ্যাপক রুবীনা ইয়াসমীন।

এর আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান বলেন, “কোটা বাতিলের আন্দোলনের প্রেক্ষিতে আদালত থেকে যে রায় দেওয়া হয়েছিল, সেখানে মূল পরিবর্তন হলো- নাতি-নাতনির পরিবর্তে সন্তানের কথা বলা হয়েছে। অতএব কোটার বিষয়টিতে ভর্তি হওয়ার ক্ষেত্রে এটা একটা নীতিগত সিদ্ধান্ত। এমবিবিএস ভর্তি পরীক্ষাও প্রচলিত আইন ও বিধি অনুযায়ী হয়েছে। তার পরও এটা স্ক্রুটিনি করা হবে।”

তিনি আরো বলেন, ভর্তির জন্য নির্বাচিত ১৯৩ জনের মধ্যে সবাই মুক্তিযোদ্ধার সন্তান হওয়াটা অস্বাভাবিক। কারণ যাদের বয়স ৬৭-৬৮ এবং যাদের ভর্তি পরীক্ষার্থী সন্তান থাকার সম্ভাবনা খুবই কম। সুতরাং ফলাফলের ত্রুটি ধরা পড়লে সেটি যাচাই করা হবে। এমবিবিএস পরীক্ষায় মূল কোটা থাকবে কি থাকবে না, সে সিদ্ধান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয়, বরং রাষ্ট্রের। বিষয়টি আগামী ২৭, ২৮ ও ২৯ জানুয়ারি যাচাই করা হবে।

এর আগে, ১৯ জানুয়ারি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে ৫,৩৭২ জন নির্বাচিত হয়, যাদের মধ্যে মুক্তিযোদ্ধার সন্তান কোটার ১৯৩ জন রয়েছেন।

টিএ/

মন্তব্য করুন