© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মুন্সীগঞ্জে যুবলীগ নেতা শাহীন হত্যায় ৭ জনের যাবজ্জীবন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে যুবলীগ নেতা শাহীন হত্যায় ৭ জনের যাবজ্জীবন
own-reporter
০৩:৪৪ পিএম | ২৩ এপ্রিল, ২০১৯

মুন্সীগঞ্জের শ্রীনগরের যুবলীগ নেতা মো. শাহীনকে পাঁচ বছর আগে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। আর সেই হত্যা মামলায় মঙ্গলবার সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মনির কামাল এ রায় দেন। তবে সাত আসামির মধ্যে একজন ছাড়া সবাই পলাতক।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- রাজা খাঁ, সোহেল চৌকিদার, এমারত চৌকিদার, আওলাদ চৌকিদার, মাসুদ তালুকদার, রনি কাজী ও বাঁধন। একমাত্র রাজা খাঁ কারাগারে আছেন। বাকি সব আসামি পলাতক। যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও প্রত্যেককে বিশ হাজার টাকা অর্থদণ্ড ও তা অনাদায়ে আরও দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৬ জনকে খালাস দিয়েছেন বিচারক। খালাস পাওয়া ও দণ্ডিত সবার বাড়ি শ্রীনগরের মগডাল এবং পূর্ব বাঘড়া গ্রামে।

রায়ের বিবরণে বলা হয়, পূর্ব শত্রুতা ও রাজনৈতিক বিরোধের জেরে আসামিরা ২০১৪ সালের ৬ মার্চ সন্ধ্যায় শাহীন ঢাকার গুলিস্তান থেকে আরাম পরিবহনের বাসে শ্রীনগরে নিজের বাড়িতে  ফিরছিলেন। পথে আল অমিন বাজারের কাছে বাসটি থামিয়ে আসামিরা পিস্তল ও রামদা নিয়ে তাকে আক্রমণ করে। শাহিনের বুকে-পেটে গুলি করে ও কুপিয়ে জখম করা হয়।

প্রথমে শাহীনকে ফুলতলা রাজ্জাক হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে স্থানান্তর করা হয় ঢাকার মিরপুরের কেয়ার হাসপাতালে। ওই হাসপাতালে ১৫ মার্চে সকালে শাহীন মারা যান।

এ ঘটনায় শাহীনের ফুফু কানন বেগম শ্রীনগর থানায় মামলা করেন। মামলার বিচারকালে রাষ্ট্রপক্ষে ১৫ জনের সাক্ষ্য নেয়া হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন ট্রাইবুনালের বিশেষ কৌঁসুলি মো. মাহবুবুর রহমান।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন