নতুন রাজনৈতিক দলে থাকবেন শতাধিক ছাত্রনেতা, শিগগিরিই নাম ঘোষণা
ছবি: সংগৃহীত
০৫:১১ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৫
জুলাই গণ-অভ্যুত্থানের প্রায় দেড় শতাধিক ছাত্রনেতা যুক্ত হবেন নতুন রাজনৈতিক দলেন আহ্বায়ক কমিটিতে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের সামনে রেখেই নতুন রাজনৈতিক দল ঘোষণার প্রস্তুতি চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে যে কোনো দিন আনুষ্ঠানিকভাবে এ দল ঘোষণা করা হবে।
তবে এখনো নাম চূড়ান্ত হয়নি নতুন এই দলের। নাগরিক কমিটির নেতারা বলছেন, নতুন রাজনৈতিক দল গঠনের সব কার্যক্রম প্রায় শেষ। দেশের চলমান রাজনৈতিক ধারার বাইরে গিয়ে ভিন্ন কাঠামো ও ২৪-এর গণ-অভ্যুত্থানে আদর্শের ওপর ভিত্তি করে নতুন রাজনৈতিক দল সামনে আনতে চান তারা।
নতজানু পররাষ্ট্রনীতি বর্জন ও পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে বেরিয়ে আসা এই দলেন অন্যতম লক্ষ্য। নতুন দলের নেতৃত্ব নির্বাচন ও দলের অভ্যন্তরে বহুমুখী গণতন্ত্র নিশ্চিত করতে চান তারা। কেউ চাইলে দীর্ঘ সময় দলের শীর্ষ পদ দখলে রাখতে পারবেন না।
জানা গেছে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ ছাত্রদের নেতৃত্বে নতুন দল গঠন করলেও জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্ত হবে না। জুলাই বিপ্লবের চেতনা রক্ষার জন্য স্বতন্ত্র প্ল্যাটফর্ম হিসাবে সংগঠন দুটি কাজ করবে।
এর আগে খবর এসেছে ছাত্রদের নেতৃত্বে নতুন দলের প্রধান হবেন নাহিদ ইসলাম। দলটির নেতৃত্ব গ্রহণের আগে নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করবেন। এবং বর্তমানে সরকারে থাকা অন্য দুই ছাত্র প্রতিনিধি এখনই পদত্যাগ করবেন না, তারা নির্বাচনের কাছাকাছি সময়ে পদত্যাগ করবেন।
এর আগে গত সেপ্টম্বরে বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের নেতৃত্বে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। এরপর নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণার পরপরই নতুন দল ঘিরে দেশের অভ্যন্তরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। কিভাবে দল গঠন হবে? কারা এই দলের নেতৃত্বে থাকবেন, তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনা শুরু হয়।
টিএ/