নির্বাচনের জন্য অনন্তকাল অপেক্ষা করবে না বিএনপি: গয়েশ্বর
ছবি: সংগৃহীত
০৮:৩১ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৫
দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে নিজেদের নিরপেক্ষতা প্রমাণ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাট রেলওয়ে মাঠে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলায় জনদাবির কথা তুলে ধরা হয়।
তিনি বলেন, `দেশে কোনো পরিবর্তন চোখে পড়ছে না, সবকিছু আগের মত চলছে। বাজার ব্যবস্থায় সিন্ডিকেট এখনো অব্যাহত, সরকার এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে পারে নাই।’
বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘নির্বাচনের জন্য অপেক্ষা করা হচ্ছে, কিন্তু অনন্তকাল অপেক্ষা করবে না বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকার আপনারা আপনাদের নিরপেক্ষতা হারাচ্ছেন। আপনারা জনগণের নির্বাচিত সরকার নন, দ্রুত নির্বাচন দিয়ে নিজেদের নিরপেক্ষতা প্রমাণ করুন।’
বিএনপির ওই নেতা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কি চায়, তারা নিজেও বুঝে না। আপনাদের মধ্যে কোনো সমন্বয় নাই বলেও মন্তব্য করেন তিনি।
গয়েশ্বর বলেন, ‘জনগণ ও তরুণদের দাবি সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগ করে একটি গণতান্ত্রিক সরকারকে নির্বাচিত করা, এই কাজ যদি অন্তর্বর্তীকালীন সরকার করতে পারেন তাহলে পাশে আছি। ১৬ বছর পর সুষ্ঠু ভোটাধিকারের মাধ্যমে একটি সঠিক নির্বাচন চাই।’
এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, ‘একটি সরকার সিদ্ধান্তহীনতায় চলতে পারে না। একটি অন্তর্বর্তীকালীন সরকার শুধু সবসময় সংস্কার নিয়ে কথা বলবে সেটা মেনে নেবে না বিএনপি।’
তিনি আরও বলেন, ‘তিস্তা নদী এখন শেখ হাসিনার মত রাক্ষসী ভূমিকায় পরিণত হয়েছে।’