© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনি ভেবে দুই ইসরায়েলি পর্যটককে গুলি

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনি ভেবে দুই ইসরায়েলি পর্যটককে গুলি

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৪ পিএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক বাসিন্দা গত শনিবার ফিলিস্তিনি ভেবে দুই ব্যক্তিকে গুলি করেন। পরে জানা যায়, যে দুজনকে গুলি করা হয়েছে, তাঁরা আসলে ইসরায়েলি পর্যটক। স্থানীয় পুলিশ এই তথ্য জানিয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি সৈকতে এ ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের মিয়ামি সৈকত দিয়ে ট্রাক চালিয়ে যাচ্ছিলেন ফ্লোরিডার এক বাসিন্দা। পথে তিনি দুই ব্যক্তিকে দেখতে পান। তার কাছে মনে হয়েছিল যে, ওই দুইজন ফিলিস্তিনি। ট্রাক থামিয়ে নেমে এসে হত্যার উদ্দেশ্যে ওই দুই ব্যক্তিকে গুলি করেন তিনি।

পরে জানা যায়, যে দুজনকে গুলি করা হয়েছে, তারা আসলে ইসরায়েলি পর্যটক। ভুক্তভোগী দুজন হলেন অ্যারি রাভে ও তার বাবা। তবে ওই ঘটনায় প্রাণে বেঁচে যান তারা।

প্রতিবেদনে আরও বলা হয়, পুলিশ জানিয়েছে, গত শনিবার এ ঘটনা ঘটে। ফ্লোরিডার এই বাসিন্দার নাম মর্দেচাই ব্রাফম্যান। বয়স ২৭ বছর। রবিবার ব্রাফম্যানের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়। মিয়ামি বিচ পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেছেন ব্রাফম্যান।

পুলিশের দেওয়া তথ্যে জানা যায়, শনিবার রাত সাড়ে ৯টায় ভিডিওতে দেখা গেছে যে ২৭ বছর বয়সী ব্রাফম্যান ট্রাক থেকে নেমে একটি গাড়ির দিকে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালাচ্ছেন। ব্রাফম্যান ১৭ বার গুলি চালিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ইসরায়েলি পর্যটককদর একজনের বাম কাঁধে এবং অন্যজনের বাম বাহুতে গুলির আঘাত লেগেছে।

স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউপিএলজিকে দেওয়া সাক্ষাতকারে গুলিতে আহত হওয়া আরি রেভে বলেন, “তারা ট্রাকের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় চালক তাদেরকে লক্ষ্য করে গুলি চালান।”

এদিকে, ব্রাফম্যানের পক্ষের কোনো আইনজীবী বা প্রতিনিধিকে তাৎক্ষণিকভাবে খুঁজে পায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মানবাধিকার নিয়ে কাজ করা ব্যক্তি ও সংগঠনগুলো বলছে, ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রে মুসলিম বিদ্বেষ, ফিলিস্তিনি বিদ্বেষ ও ইহুদি বিদ্বেষ বেড়ে গেছে।

মন্তব্য করুন