ইউক্রেনের প্রতিক্রিয়ার সমালোচনা করলেন ট্রাম্প
ছবি: সংগৃহীত
০৯:৪২ এএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
যুক্তরাষ্ট্র-রাশিয়া শান্তি আলোচনায় ট্রাম্প বলেন, আমি শুনছি তারা আমন্ত্রণ না পাওয়া নিয়ে হতাশ। কিন্তু তারা তিন বছর ধরে এবং তারও আগে থেকে আলোচনায় বসার সুযোগ পেয়েছিল। এটি খুব সহজেই সমাধান করা যেত।
ইউক্রেন যুদ্ধ শেষ করার লক্ষ্যে সৌদি আরবে যুক্তরাষ্ট্র-রাশিয়ার শান্তি আলোচনায় আমন্ত্রণ না পাওয়াকে ‘অপ্রত্যাশিত’ বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার এ প্রতিক্রিয়ায় হতাশ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনার পর ইউক্রেনের সমালোচনা করে তিনি বলেন, ইউক্রেনের হাতে আলোচনায় বসার অনেক সময় ছিল। কিন্তু তারা বসেনি।
ইউক্রেনের প্রতিক্রিয়ায় হতাশা প্রকাশ করে ট্রাম্প বলেন, দেশটি (ইউক্রেন) যুদ্ধ শেষ করার ব্যাপারে একটি চুক্তি করতে পারত কারণ, প্রায় তিন বছর আগে সেখানে শুরু হয়েছে রাশিয়ার পূর্ণ আক্রমণ।
তার মন্তব্যটি এসেছে এমন এক সময়ে যখন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, কোনো শান্তিচুক্তির অধীনেই ইউক্রেনে ন্যাটো দেশগুলোর শান্তিরক্ষী বাহিনী গ্রহণ করবে না রাশিয়া। সৌদি আরবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আলোচনার পর লাভরভ এই মন্তব্য করেন।
রাশিয়া ও যুক্তরাষ্ট্র জানিয়েছে যে, তারা যুদ্ধের অবসান ঘটানোর জন্য আলোচনার দল গঠন করতে সম্মত হয়েছে।
মার-আ-লাগোতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়, যারা নিজেদের বিশ্বাসঘাতকতার শিকার বলে মনে করছেন সেইসব ইউক্রেনীয়দের প্রতি তার বার্তা কী।
এর জবাবে ট্রাম্প বলেন, আমি শুনছি তারা আমন্ত্রণ না পাওয়া নিয়ে হতাশ। কিন্তু তারা তিন বছর ধরে এবং তারও আগে থেকে আলোচনায় বসার সুযোগ পেয়েছিল। এটি খুব সহজেই সমাধান করা যেত।
পরে ট্রাম্প আরো বলেন, এটি (যুদ্ধ) শুরু করাই উচিত ছিল না। ইউক্রেন একটি চুক্তি করতে পারতো।
মার্কিন ও রুশ কর্মকর্তাদের সৌদি আরবে বৈঠকের পর ট্রাম্প বলেন যে, যুদ্ধের অবসান ঘটানোর ব্যাপারে তিনি অনেক বেশি আত্মবিশ্বাসী। তিনি বলেন, আলোচনা খুব ভালো ছিল। রাশিয়া কিছু করতে চায়। তারা এই নৃশংস বর্বরতা বন্ধ করতে চায়। আমি মনে করি আমার কাছে এই যুদ্ধ শেষ করার ক্ষমতা আছে।
ইউক্রেনে ইউরোপীয় দেশগুলোর সৈন্য পাঠানোর সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, যদি তারা তা করতে চায় তাহলে খুব ভালো। আমি এতে সম্পূর্ণ সমর্থন দিই।
রিয়াদে অনুষ্ঠিত এই বৈঠকটি ছিল ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসনের পর থেকে মার্কিন ও রুশ প্রতিনিধিদের প্রথমবারের মতো মুখোমুখি সাক্ষাৎ।