আবার সুযোগ আসছে বাংলাদেশি শ্রমিকদের, যেতে পারবেন দুবাই
ছবি:সংগৃহীত
১০:৩০ এএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
বাংলাদেশি শ্রমিকদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে এরই মধ্যে আরব আমিরাতের মন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। তথ্যটি নিশ্চিত করেছেন প্রেস সচিব শফিকুল আলম। ফরেইন সার্ভিস একাডেমিতে ১৮ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
শফিকুল আলম জানান, দুবাইয়ে বেশ কয়েকজন বাংলাদেশি শ্রমিক নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। এই নিয়ে ড. ইউনূস সেখানকার পাঁচ থেকে ছয়জন মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। দ্রুতই এই নিষেধাজ্ঞা উঠে যাবে বলে আশা করেন প্রেস সচিব।
পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতেও আরব আমিরাত নেতাদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে যোগাযোগ রাখছেন ড. মুহাম্মদ ইউনূস। এ কথা জানিয়ে প্রেস সচিব বলেন, শিগগিরই দুবাইয়ে আবারও বাংলাদেশি শ্রমিকরা যেতে পারবে। এই নিয়ে সরকারের কাজ চলমান রয়েছে।
তিনি বলেন, কিছুদিন আগে জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে রিপোর্ট হয়েছে, তাতে স্পষ্ট শেখ হাসিনা কী ধরনের অপরাধ করেছেন। তাকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করা হয়েছে। এটা বড় ধরনের অপরাধ। জাতিসংঘ ও কিছু-কিছু মানবাধিকার কমিশনের রিপোর্টের পর অনেক চাপ তৈরি হয়েছে।
এই চাপের একটা নমুনা দেখেছেন যে ইন্ডিয়া টুডে একটা জরিপ করেছে, সেখানে দেখা গেছে ৫৫ শতাংশ চায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে। কিছু শতাংশ চাচ্ছে তাকে অন্যদেশে দিতে। মাত্র ১৬-১৭ শতাংশ মানুষ চায় শেখ হাসিনাকে ভারতে রাখতে।
আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সরকারের চিন্তা-ভাবনা কী— জানতে চাইলে শফিকুল আলম বলেন, আমরা বারবার বলেছি, এই বিষয়ে দেশের জনগণ সিদ্ধান্ত নেবে। তবে, আমাদের একটাই কথা আওয়ামী লীগের যেসব নেতাকর্মী ও সমর্থক জুলাই গণহত্যার সঙ্গে জড়িত, গুম-খুনে জড়িত, দুর্নীতির সঙ্গে জড়িত; তাদের সবার বিচার হবে। কেবল তারপরই দেশের মানুষ ও রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের বিষয়ে তারা কী ভাবছেন।