ভারতে ভোটার উপস্থিতি দিয়ে কি হবে- প্রশ্ন ট্রাম্পের
ছবি:সংগৃহীত
১২:৫০ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
মোদীর প্রতি শ্রদ্ধা থাকলেও ভারতকে অর্থ অনুদান দিতে নারাজ ট্রাম্প। এ কথাই বলছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি। এক প্রতিবেদনে তারা জানায়, ভারতে মার্কিন আর্থিক সহায়তা বন্ধের পক্ষেই অবস্থান ট্রাম্পের। এক্ষেত্রে মোদীর সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক কোনো কাজেই আসেনি।
সম্প্রতি বিশ্বের অনেক দেশেই বড় অংকের সহায়তা অর্থায়ন বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ভারতের জন্য নির্ধারিত ২১ মিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচিও বাতিল করেছে দেশটি। ইলন মাস্কের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের নতুন দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি-ডিওজিই অর্থ সহায়তা বন্ধের ওই ঘোষণা দেয়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের নেতৃত্বে ডিওজিই ভারতে ‘ভোটারের উপস্থিতি’ বাড়ানোর উদ্দেশ্যে ২১ মিলিয়ন ডলার অনুদান বাতিল করেছে। এর দিন কয়েক পরেই মাস্কের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত এই প্রেসিডেন্ট প্রশ্ন করেন, ‘কেন ভিনদেশীদের ভোটার উপস্থিতি বাড়াতে মার্কিন করদাতাদের অর্থ ব্যবহার করা হচ্ছে? এটি সম্পূর্ণ অপ্রয়োজনীয় ব্যয়।’
প্রেসিডেন্ট ট্রাম্প ফ্লোরিডায় তার মার-এ-লাগো বাসভবনে সাংবাদিকদের বলেন, ‘কেন আমরা ভারতকে ২১ মিলিয়ন ডলার দিচ্ছি? তারা অনেক বেশি টাকা পেয়েছে। তারা আমাদের পরিপ্রেক্ষিতে বিশ্বের সর্বোচ্চ কর প্রদানকারী দেশগুলোর মধ্যে একটি। আমরা খুব কমই ভারতের বাজারে প্রবেশ করতে পারি কারণ তাদের শুল্ক অনেক বেশি। ভারত এবং তাদের প্রধানমন্ত্রীর প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে, কিন্তু ভোটারদের জন্য ২১ মিলিয়ন ডলার অনুদান? ভারতে? সেখানে ভোটারদের উপস্থিতি দিয়ে কী হবে?’
মূলত ডনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন বাজেট কমিয়ে আনার জন্য নানা পদক্ষেপ নিচ্ছে এবং এর আওতায় ভারত-বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের জন্য মিলিয়ন মিলিয়ন ডলারের তহবিল বাতিল করছে। ডনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের সঙ্গে নরেন্দ্র মোদীর একান্ত বৈঠকের কয়েকদিন পরেই ভারতে সহায়তা বাতিলের বিষয়ে ঘোষণা দেয়া হয়।