ভারত ছাড়ার আগে মানবিক প্রিয়াঙ্কা
০৩:০৪ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
যুক্তরাষ্ট্রে বসবাস করলেও কাজ ও পরিবারের কারণে প্রায়ই ভারতে আসতে হয় বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে। এবারও দীর্ঘ এক মাস ভারতে কাটিয়ে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। সঙ্গে ছিলেন মেয়ে মালতি মেরি।
বিদেশ যাত্রার আগে মুম্বাই বিমানবন্দরে ক্যামেরাবন্দি হন প্রিয়াঙ্কা। তবে তার এক মানবিক কাজ বিশেষভাবে নজর কেড়েছে ভক্তদের। এক ভিডিওতে দেখা যায়, মুম্বাইয়ের রাস্তায় ট্র্যাফিক সিগন্যালে দাঁড়িয়ে এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে সহায়তা করছেন তিনি। সামাজিক মাধ্যমে ভিডিওটি ভাইরাল হলে ভক্তরা প্রশংসায় ভাসান ‘দেশি গার্ল’-কে।
অন্য এক ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে মেয়ে মালতিকে কোলে নিয়ে হাঁটছেন প্রিয়াঙ্কা, তবে তার মুখ যেন প্রকাশ না পায়, সে জন্য হাত দিয়ে ঢেকে রেখেছেন।
প্রসঙ্গত, এসএস রাজামৌলি ও মহেশ বাবুর আসন্ন সিনেমার শুটিং এবং ভাই সিদ্ধার্থ চোপড়ার বিয়েতে যোগ দিতে প্রিয়াঙ্কা এক মাস আগে ভারতে আসেন। শুটিং শেষে ও পারিবারিক দায়িত্ব পালনের পর এবার ফিরলেন নিজের লস অ্যাঞ্জেলেসের বাসায়।