© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাকিস্তানে বাস থেকে নামিয়ে ৭ যাত্রীকে হত্যা

শেয়ার করুন:
পাকিস্তানে বাস থেকে নামিয়ে ৭ যাত্রীকে হত্যা

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৬ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে লাহোরগামী একটি বাস থেকে সাতজন যাত্রীকে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। এ ঘটনায় এখনও কেউ দায় স্বীকার করেনি।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে বাস থামিয়ে জাতীয় পরিচয়পত্র পরীক্ষা করে তাদের গুলি করা হয়। বেলুচিস্তানের বরখান জেলায় প্রায় ৪০ জন বন্দুকধারী একাধিক বাস ও যানবাহন আটকে পরিচয়পত্র পরীক্ষা করে। এসময় তারা পাঞ্জাবের সাতজন যাত্রীকে নামিয়ে গুলি করে হত্যা করে।

বেলুচিস্তানের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ওয়াকার খুরশিদ আলম রয়টার্সকে বলেছেন, প্রায় ৪০ জন পুরুষের একটি দল বেলুচিস্তানের বরখান জেলার মহাসড়কে একাধিক বাস ও যানবাহন আটক করেছিল। পরে একটি বাস থেকে সাতজন যাত্রীকে নামিয়ে তাদের জাতীয় পরিচয়পত্র পরীক্ষা করে দেখেন তারা। এরপর ওই সাত যাত্রীকে গুলি চালিয়ে হত্যা করেন বন্দুকধারীরা।

তিনি বলেন, নিহত সাতজনের প্রত্যেকেই পাঞ্জাব প্রদেশের বাসিন্দা। পাঞ্জাবের ফয়সালাবাদের বাসিন্দা এক নারী ভিডিও বার্তায় বলেছেন, সশস্ত্র ব্যক্তিরা আমার বড় ভাইয়ের পরিচয়পত্র পরীক্ষার পর তাকে বাস থেকে নামিয়ে নিয়ে যায়। কিন্তু তারা আমাদের সঙ্গে কিছু করেনি।

বাস থেকে যাত্রী নামিয়ে হত্যার এই ঘটনায় এখন পর্যন্ত দেশটির কোনও গোষ্ঠী দায় স্বীকার করেনি। এছাড়া বাসযাত্রীদের হত্যার উদ্দেশ্যও পরিষ্কার নয়। দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, বর্তমানে ওই এলাকা ঘিরে রেখেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তবে হামলাকারীরা পালিয়ে গেছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, বন্দুকধারীদের বিচারের আওতায় আনা হবে। যারা নিরীহ নাগরিকদের জীবন ও সম্পত্তির ক্ষতি করে তাদের চড়া মূল্য দিতে হবে।

এর আগে, গত আগস্ট মাসে বেলুচিস্তানের একটি মহাসড়কে যাত্রীবাহী বাস আটক করে অজ্ঞাত দুর্বৃত্তরা। ওই সময়ও পরিচয়পত্র পরীক্ষা করার পর গুলি চালিয়ে অন্তত ২৩ বাসযাত্রীকে হত্যা করা হয়।

মন্তব্য করুন