বাংলাদেশীদের জন্য যে সুখবর দিলেন ইতালির উপমন্ত্রী!
ছবিঃ সংগৃহীত
০৭:২০ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
ইতালির ভিসা নিয়ে এবার পাওয়া গেলো নতুন সুখবর। বাংলাদেশি শ্রমিকদের দীর্ঘদিনের ভিসা আবেদনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়ার আশ্বাস দিলেন খোদ ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মারিয়া ত্রিপোদি।
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই আশ্বাস দিয়েছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, উপমন্ত্রী ত্রিপোদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ইতালীয় সরকারের দৃঢ় সমর্থন জানান এবং একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে চলমান সংস্কার উদ্যোগের প্রশংসা করেন।
দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। জানা গেছে, বাংলাদেশের প্রস্তাবে সন্তোষ প্রকাশ করেছে ইতালি, বিশেষ করে টেক্সটাইল ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও প্রসারিত করতে আগ্রহ প্রকাশ করেছে দেশটি।
এছাড়াও পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ ও ইতালির মধ্যে গতিশীল অর্থনৈতিক সম্পর্কের ভিত্তিতে আরও ইতালীয় বিনিয়োগের আহ্বান জানান। বিশেষ করে গ্রিনফিল্ড খাতে বিনিয়োগ বৃদ্ধির কথা জানা গেছে। সব মিলিয়ে একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেই মত প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
এ প্রসঙ্গে উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, বর্তমান সরকার- বিশেষ করে বিডা, বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রক্রিয়াগুলো সহজ করে বাংলাদেশে আরও ভালো ব্যবসার পরিবেশ তৈরি করতে নিরলসভাবে কাজ করছে। বাংলাদেশ প্রতিরক্ষা খাতের উপকরণ সংগ্রহের উৎসে বৈচিত্র্য আনতে চায় উল্লেখ করে তিনি বাংলাদেশের প্রতিরক্ষা খাতের আধুনিকায়নে অবদান রাখতে ইতালির আগ্রহকে স্বাগত জানিয়েছেন।