জীবিত হোক কিংবা মৃত, মশা জমা দিলেই মিলবে পুরস্কার!
ছবি:সংগৃহীত
০১:১৯ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৫
মশা ধরে দিলেই পাবেন আর্থিক পুরস্কার। জীবিত কিংবা মৃত মশা জমা দিতে পারলেই এ পুরস্কার মিলবে। এমনই অভাবনীয় ও বিস্ময়কর ঘোষণা দিয়েছেন ফিলিপাইনের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরের স্থানীয় কর্তৃপক্ষ।
মশার যন্ত্রণায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠায় এবং ক্রমবর্ধমান হারে ছড়িয়ে পড়া ডেঙ্গুর বস্তার রোধে এমন ব্যতিক্রমী পুরস্কার ঘোষণা করেন তারা। ফিলিপাইনের ব্যারাঙ্গে অ্যাডিশনাল হিলসের গ্রামপ্রধান কারলিটো সার্নাল জানান, কেউ পাঁচটি মশা জমা দিতে পারলেই এক পেসো অর্থাৎ এক ফিলিপাইন মুদ্রা পুরস্কার পাবেন।
ডেঙ্গু আক্রান্ত হয়ে শহরের দুইজন শিক্ষার্থীর মৃত্যুর পর এমন সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সার্নালের ভাষ্যে, রাস্তা পরিষ্কার রাখা এবং ডেঙ্গুর জন্য দায়ী এডিস মশার বংশবিস্তারে সহায়ক পানি জমে থাকার জায়গা নষ্ট করতে উৎসাহিত করার জন্যই এমন পুরস্কার ঘোষণা করা হয়েছে।
তিনি আরও বলেন, জীবিত, মৃত বা মশার লার্ভা জমা দিতে পারলেই পুরস্কার দেওয়া হবে। আল্ট্রা ভায়োলেট লাইট দিয়ে জীবিত মশা নির্মূল করা হবে বলেও জানান তিনি। ফিলিপাইনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ে স্থানীয় প্রশাসনের এই পদক্ষেপকে তারা স্বাগত জানিয়েছে। তবে নগদ অর্থের বিনিময়ে এভাবে মশা ধরা কিংবা মেরে ফেলার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব হবে কি না এমন প্রশ্নের কোনো জবাব পাওয়া যায়নি।
স্থানীয় প্রশাসনের এ ধরনের পদক্ষেপ নিয়ে বেশ আলোচনা হচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে এই ঘোষণা দেওয়া হয়। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যবহারকারী লিখেছেন, এখন মশার খামার করা হবে। আরেকজন লিখেছেন, শুধু একটি ডানা থাকলে কি মশা ফেরত দেওয়া হবে?
সার্নাল বলেন, মশা ধরার বিনিময়ে নগদ অর্থ পুরস্কার দেওয়ার বিষয়ে যে সামাজিকমাধ্যমে বেশ শোরগোল চলছে সে বিষয়ে তিনি জানেন। তবে জনস্বাস্থ্য সুরক্ষায় এটা প্রয়োজনীয় বলেও উল্লেখ করেন তিনি।
ব্যারাঙ্গে অ্যাডিশনাল হিলসে প্রায় ৭০ হাজার মানুষের বসবাস। সার্নাল জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ব্যাপক হারে সেখানে সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। স্থানীয় প্রশাসন ওই এলাকায় ৪৪ জনের দেহে ডেঙ্গু শনাক্ত করেছে।
মৌসুমি বৃষ্টিপাতের কারণে দেশব্যাপী ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে বলে জানিয়েছে ফিলিপাইন। ডিওএইচ জানিয়েছে, চলতি বছরের ১ ফেব্রুয়ারি পর্যন্ত ফিলিপাইনে ২৮ হাজার ২৩৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৪০ শতাংশ বেশি।