© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে যে হুঁশিয়ারি দিলেন ভারতের সেনাপ্রধান

শেয়ার করুন:
কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে যে হুঁশিয়ারি দিলেন ভারতের সেনাপ্রধান

ছবি:সংগৃহীত

তাহমিনা তাশরিফ
০১:২২ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৫
প্রয়োজনে আক্রমণাত্মক হবে ভারত। পাকিস্তান উসকানি দিলে ভারত তার জবাব দিতে প্রস্তুত। এমন মন্তব্য করেছেন, ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

বার্তা সংস্থা এএনআই-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি পাকিস্তানকে কটাক্ষ করে বলেন, পাকিস্তান সেনাবাহিনী কাশ্মীর ইস্যুতে কিছু মন্তব্য করেছে। এখন তাদের কাছে কোনো উপায় নেই বলে বিষয়টিকে আরও টেনে নেয়া হচ্ছে।

এক প্রশ্নের জবাবে জেনারেল দ্বিবেদী বলেন, ২০১৪ সাল থেকে ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্কে যা ঘটেছে, তা খতিয়ে দেখলেই বুঝতে পারবেন, উভয় পক্ষই জানে ভারত নিজেদের স্বার্থ নিয়ে থাকতে চায়।

সেনা প্রধান জানান, ভারত তার অবস্থানে বেশ স্পষ্ট। তিনি বলেন, ‘আমরা আমাদের যোগাযোগের ক্ষেত্রে দৃঢ় থাকব। প্রয়োজনে আমরা আক্রমণাত্মকও হতে পারি। কিন্তু যদি আমাদের জোর করা হয়, তবে আমরা যথেষ্ট আক্রমণাত্মক হবো।’

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে নানা কারণে সম্পর্ক খুব বেশি ভালো যাচ্ছে না ভারতের। অনেক বিশ্লেষকের মতে, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বেশ চাপেই আছে নয়াদিল্লি। বিশেষ করে, কাশ্মীর ইস্যুতে সম্প্রতি পাকিস্তানের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে ভারতের।

কাশ্মীরের সহিংসতার বিষয়ে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, ‘স্থানীয় সন্ত্রাসীর সংখ্যা হ্রাস পেয়েছে। নিয়োগের সংখ্যাও অনেক কমে গেছে। কেন? কারণ ২০১৯ সালের আগস্ট থেকে, ভারত সম্পূর্ণ জে-কে এর জন্য তার অভিপ্রায় খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং এতে কোনো আপস নেই।’

কাশ্মীরের দখলদারিত্ব নিয়ে পাকিস্তানের মানসিকতার বিষয়ে তিনি বলেন, ‘পাকিস্তান এখনও নিজেদের জগতে আটকে আছে। তারা জানে না, কাশ্মীরকে অশান্ত করার সব প্রচেষ্টা শক্তভাবে দমন করা হবে।’

মন্তব্য করুন