ছুটির দিনেও বায়ুদূষণের শীর্ষে রয়েছে ঢাকা
ছবি: সংগৃহীত
১১:৪৮ এএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৫
শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও আজ বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২৭৭ স্কোর নিয়ে বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। আজ সকাল ৮টা ৫৮ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা যায়।
আজ ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম ২.৫)-এর পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ৪০ গুণেরও বেশি রয়েছে।
এ ছাড়া ১৯৯ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের করাচী (১৯৯)। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে উগান্ডার কাম্পালা (১৮০), নেপালের কাঠমান্ডু (১৭৮) ও ভারতের দিল্লি (১৭৭)।
আইকিউএয়ারের মতে, এসব শহরের বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
সাধারণত একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।
আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।