তৃতীয় বিশ্বযুদ্ধ বেশি দূরে নয়: ট্রাম্প
ছবি: সংগৃহীত
১২:২০ পিএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৫
তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মিয়ামিতে এফআইআই প্রায়োরিটি সামিটে বক্তৃতা করার সময় তিনি বলেন, “তৃতীয় বিশ্বযুদ্ধে কারও লাভ হবে না। কিন্তু আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে খুব বেশি দূরে নেই।”
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
তবে এই ধরনের কোনও যুদ্ধ তিনি ঘটতে বাধা দেবেন বলেও জানিয়েছেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। এমনকি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এখন ক্ষমতায় থাকলে বিশ্ব যুদ্ধে জর্জরিত হতো বলেও মন্তব্য করেছেন তিনি।
এই যুদ্ধ করে কোনো পক্ষের কোনো লাভ হবে না উল্লেখ করে ট্রাম্প বলেন, আপনারা এটি (বিশ্বযুদ্ধ) থেকে দূরে নন। আমি বলছি, এটি দূরে নয়। যদি বাইডেন সরকার আর এক বছর থাকতো, তাহলে আপনারা তৃতীয় বিশ্বযুদ্ধে থাকতেন।
ট্রাম্প বলেন, আমরা এই মূর্খ, অন্তহীন যুদ্ধ থেকে মানুষকে থামাতে যাচ্ছি। আমরা নিজেরা এতে অংশ নেবো না। তবে আমরা যে কারও চেয়ে আরও শক্তিশালী হবো। যদি কখনো যুদ্ধ শুরু হয়, এমন কেউ নেই যে আমাদের কাছাকাছি আসতে পারবে।