উন্নত চিকিৎসার জন্য রাশিয়া যাচ্ছেন সেই খোকন
ছবি:সংগৃহীত
০৩:২০ পিএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৫
এবার চিকিৎসার জন্য রাশিয়া যাচ্ছেন জুলাই অভ্যুত্থানে মুখে গুলিবিদ্ধ হওয়া খোকন চন্দ্র বর্মণ। উন্নত চিকিৎসার জন্য রাশিয়া পাঠানো হচ্ছে তাকে।
৫ আগস্ট আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে গুরুতর আহত হন খোকন। গুলির আঘাতে তার মুখের একটি বড় অংশ চূর্ণবিচূর্ণ হয়ে যায়। নষ্ট হয় ঠোঁট, নাক, মাড়ি, তালুসহ মুখের গুরুত্বপূর্ণ অংশ। চিকিৎসকদের মতে, তার মুখ পুনর্গঠনের প্রক্রিয়াটি অত্যন্ত জটিল এবং বাংলাদেশে এ ধরনের চিকিৎসার সুযোগ নেই।
দেশ-বিদেশের চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেও প্রথমদিকে কোনো সমাধান মেলেনি। তবে শেষ পর্যন্ত রাশিয়ার মস্কোর ইউনিভার্সিটি ক্লিনিক অব লোমোনোসোভ হাসপাতাল এই জটিল অস্ত্রোপচারের চ্যালেঞ্জ নিতে রাজি হয়েছে।
সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ২১ ফেব্রুয়ারি ভোর ৪টা ২৫ মিনিটে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে খোকনকে রাশিয়ায় পাঠানো হয়েছে তাকে। তার সঙ্গে থাকবেন রাশিয়ায় প্রশিক্ষিত সার্জন ডা. মো. মাহমুদুল হাসান।
মস্কোতে পৌঁছানোর পর খোকনের মুখ পুনর্গঠনের জন্য প্রথমে থ্রি-ডি অ্যানিমেশনের মাধ্যমে তার চেহারার একটি মডেল তৈরি করা হবে। এরপর সেই মডেল অনুযায়ী মার্চের ২০ তারিখের দিকে শুরু হবে মূল অস্ত্রোপচার।
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার অংশ হিসেবে এর আগেও ৩৮ জনকে সিঙ্গাপুর ও থাইল্যান্ডে পাঠানো হয়েছে। আহত ১৪ হাজারেরও বেশি ছাত্র-জনতাকে দেশের বিভিন্ন হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, থাইল্যান্ড ও সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরা গুরুতর আহতদের চিকিৎসা করেছেন।