© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চৌদ্দগ্রামে গুণবতী ডিগ্রি কলেজের শহীদ মিনার ভাঙচুর

শেয়ার করুন:
চৌদ্দগ্রামে গুণবতী ডিগ্রি কলেজের শহীদ মিনার ভাঙচুর

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৯ পিএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৫
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃহস্পতিবার গভীর রাতে শহীদ মিনার ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন থানা পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা।

কলেজ সূত্রে জানা গেছে, অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে প্রথমে কলেজের শিক্ষকরা এবং পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা কলেজ চত্বরের শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন। পরে সকলে রাত সাড়ে ১২টার দিকে ক্যাম্পাস ত্যাগ করেন।

রাত আনুমানিক ২টার দিকে বিকট শব্দে কলেজের নৈশপ্রহরী শহীদ মিনারের কাছে গিয়ে দেখেন শহীদ মিনারের তিনটি স্তম্ভের মধ্যে দুটি ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।

শুক্রবার দুপুরে কলেজের অধ্যক্ষ আবদুল লতিফ গণমাধ্যমকে বলেন, ফুল দেওয়ার পর আমরা চলে যাওয়ার পরই গভীর রাতে দুর্বৃত্তরা এ কাজ করেছে। পুলিশ ঘটনাস্থলে এসেছেন। কারা ঘটনা ঘটিয়েছে তা বলতে পারছি না।

চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ক্যামেরা না থাকায় এখনই কারা শহীদ মিনার ভেঙেছে তা নিশ্চিত করা যাচ্ছে না। তবে স্থানীয় লোকজন এ কাজের সঙ্গে জড়িত আছে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন