‘ইউক্রেনকে খনিজ সম্পদ নিয়ে চুক্তি করতেই হবে’
ছবি:সংগৃহীত
০৯:৪৮ পিএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৫
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি খুবই হতাশ ডোনাল্ড ট্রাম্প। তাকে আবার আলোচনায় বসতে হবে। ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার নিশ্চিত করতে একটি চুক্তি করতে হবে। জেলেনস্কির প্রতি এমন মন্তব্য করেছেন, হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ।
এর আগে, যুক্তরাষ্ট্র ইউক্রেনের বিরল খনিজ সম্পদের অংশীদারিত্ব দাবি করলে গত বুধবার জেলেনস্কি তা প্রত্যাখ্যান করেন। সে সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, ওই চুক্তি করলে রাশিয়ার সাথে ইউক্রেনের চলমান যুদ্ধে মার্কিন সহায়তার ক্ষেত্রে এর প্রতিফলন থাকবে। তবে, তা অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন জেলেনস্কি।
তবে, এমন জবাব ভালো ভাবে নিতে পারেনি হোয়াইট হাউজ। নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটজ তাই হোয়াইট হাউসের ব্রিফিংয়ে এমন চাঞ্চল্যকর মন্তব্য করেন। ওয়াল্টজ বলেন, সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে “অগ্রহণযোগ্য” অপমান করার কারণে হোয়াইট হাউস ভলোদিমির জেলেনস্কির প্রতি “খুব হতাশ”।
ইউক্রেন বিপুল পরিমাণ গুরুত্বপূর্ণ উপাদান ও খনিজ সম্পদে পরিপূর্ণ। সেসবের মাঝে আছে লিথিয়াম ও টাইটানিয়ামের মত সম্পদ। পাশাপাশি অনেক বড় পরিসরে কয়লা, গ্যাস, তেল ও ইউরেনিয়ামের মজুদ রয়েছে ইউক্রেনে। যার বাজার মূল্য কয়েক বিলিয়ন ডলার।
এর আগে ওয়াল্টজ পরামর্শ দিয়েছিলেন, ইউক্রেন যদি যুক্তরাষ্ট্রকে তার খনিজ সম্পদে প্রবেশ করার অধিকার দেয়, তাহলে তাদেরকে মার্কিন সহায়তা দেওয়া যেতে পারে। বা, ইতোমধ্যে যে মার্কিন সহায়তা দেওয়া হয়েছে, এটিকে তার ক্ষতিপূরণ হিসেবেও দেখা যেতে পারে। বলেন, “আমরা ইউক্রেনীয়দের সত্যিই একটি অবিশ্বাস্য এবং ঐতিহাসিক সুযোগ দিয়েছি”।কিন্তু জেলেনস্কি এই প্রস্তাবকে নাকচ করে বলেন, “আমি আমাদের রাষ্ট্রকে বিক্রি করতে পারি না।”
জেলেনস্কি জানান, তিনি কানাডা, ফিনল্যান্ড, নরওয়ে ও দক্ষিণ আফ্রিকার নেতাদের সাথে কথা বলেছেন। এক পোস্টে তিনি লেখেন, “ইউক্রেনকে বাদ দিয়ে ইউক্রেন সম্পর্কে কোনও সিদ্ধান্ত নয়।” এদিকে, সম্প্রতি ভলোদিমির জেলেনস্কিকে “অনির্বার্চিত একনায়ক” বলে আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। পাশাপাশি তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য জেলেনস্কিকেই দায়ী করেছেন ডনাল্ড ট্রাম্প।