আদালতের ভেতরে ঢুকে গ্যাংস্টারকে গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত
১১:৩৮ এএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৫
আইনজীবী সেজে শ্রীলঙ্কার আদালতের ভেতরে ঢুকে এক গ্যাংস্টারকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, গত বুধবার এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অস্ত্রধারী হত্যাকাণ্ডে যে পিস্তল ব্যবহার করেছে সেটি একটি বইয়ের অংশের মাঝের অংশ কেটে সেখানে রেখে বিচারকের কক্ষে নিয়ে যাওয়া হয়। এই কাজটি করেন এক নারী। তবে তাকে এখনো ধরা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, কলম্বোতে গ্যাং সদস্যদের দুই পক্ষের মধ্যে বেশ ঝামেলা চলছে। এরমধ্যেই সেখানে ঘটল এমন হত্যাকাণ্ড। সাঞ্জেয়া কুমারা সমরারত্নে নামের গ্যাংস্টারকে ২০২৩ সালে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে কারাগারেই ছিলেন তিনি। তার বিরুদ্ধে একাধিক হত্যার তদন্ত চলছিল।
অস্ত্রধারী গুলি করে আদালত থেকে পালিয়ে যেতে পারলেও অল্প সময়ের মধ্যে পুলিশ তাকে আটক করে। এছাড়া যে নারী কৌশলে পিস্তলটি নিয়ে গিয়েছিলেন তাকেও শনাক্ত করা হয়েছে। এখন তাকে ধরতে অভিযান চালানো হয়েছে। পুলিশ ঘোষণা দিয়েছে, যদি কেউ এ নারীর সন্ধান দিতে পারে, তাহলে তাকে নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে।
এদিকে এ ঘটনার পর আদালতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এরপর আদালতের নিরাপত্তা বাড়ানো নিয়ে কাজ শুরু হয়। যারমধ্যে রয়েছে সশস্ত্র রক্ষীদের আদালতের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া।
শ্রীলঙ্কায় আদালতের ভেতর সশস্ত্র বাহিনীর কোনো সদস্য অস্ত্র নিয়ে প্রবেশ করতে পারেন না। গ্যাংস্টারকে হত্যার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যখন কোনো বিশেষ আসামিকে আদালতে আনা হবে তখন বিচারকের কক্ষে অস্ত্রধারী রক্ষীরা প্রবেশ করবেন।