© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পেন্টাগনে ছাঁটাইয়ের ঝড়: ট্রাম্পের নির্দেশে চাকরি হারাবে ৫ হাজার কর্মী

শেয়ার করুন:
পেন্টাগনে ছাঁটাইয়ের ঝড়: ট্রাম্পের নির্দেশে চাকরি হারাবে ৫ হাজার কর্মী
মোজো ডেস্ক
০৩:৪৮ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৫
পাঁচ হাজার ৪০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। জানা যায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় পেন্টাগন এসব কর্মীকে চাকরিচ্যুত করবে। শনিবার (২২ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। প্রতিরক্ষা বিভাগ থেকে প্রত্যাশা অনুযায়ী ৫০ হাজার লোকবল কমিয়ে ফেলার অংশ হিসেবে এটা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, এ ছাঁটাই প্রক্রিয়া এখানেই শেষ হবে না।

পেন্টাগনের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের একজন দারিন সেলনিক বলেন, পেন্টাগন নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখবে। শেষ পর্যন্ত সাড়ে ৯ লাখ বেসামরিক শ্রমশক্তির ৫ থেকে ৮ শতাংশ কমিয়ে আনবে পেন্টাগন।

ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এফবিআই গতকাল সংস্থাটির এক হাজার ৫০০ কর্মীকে ওয়াশিংটনের সদর দপ্তর থেকে সরিয়ে দেশের বিভিন্ন জায়গায় বদলি করার ঘোষণা দিয়েছে। সংস্থাটির দুটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সরকারি হিসাবে, এফবিআইয়ের প্রতি চার কর্মীর একজন ওয়াশিংটনে কাজ করছেন।

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর ডোনাল্ড ট্রাম্প এবং তার ঘনিষ্ঠ সহযোগী ও উপদেষ্টা ইলন মাস্কের সরকারি চাকরিজীবীদের এমন গণছাঁটাই ভালো চোখে দেখছেন না মার্কিনিরা।

এদিকে পেন্টাগনে কয়েক সপ্তাহ ধরে চলা অস্থিরতার পর গতকাল শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল চার্লস কিউ ব্রাউন জুনিয়রকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যুদ্ধবিমানের চার তারকাবিশিষ্ট পাইলট ব্রাউন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান। জেনারেল ব্রাউন আফ্রিকান বংশোদ্ভূত দ্বিতীয় কোনো মার্কিন নাগরিক, যিনি যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান পদে নিযুক্ত হন।

মন্তব্য করুন