প্রেস ক্লাবের সামনে আউটসোর্সিং কর্মীদের বিক্ষোভ, পুলিশের কড়া অবস্থান
ছবিঃ সংগৃহীত
০৫:৩০ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৫
চাকরি স্থায়ীকরণের দাবিতে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মীরা প্রায় দুই ঘণ্টা ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তা অবরোধ করে অবস্থান করছেন। এতে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। পুলিশ বারবার অনুরোধ জানালেও আন্দোলনকারীরা তাদের অবস্থান থেকে একচুলও নড়েননি। ফলে পুলিশ ও আউটসোর্সিং কর্মীদের মধ্যে উত্তেজনাপূর্ণ মুখোমুখি পরিস্থিতি তৈরি হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এমন পরিস্থিতি বিরাজমান ছিল।
এদিকে শতাধিক সদস্যসহ দুটি জলকামান নিয়ে প্রস্তুত রয়েছে পুলিশ। বিপরীতে পাঁচ শতাধিক আউটসোর্সিং কর্মী অবস্থান করছেন।
ঘটনাস্থলে রমনা জোনের শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর সরদার বুলবুল আহমেদ উপস্থিত হয়ে মাইকে বারবার আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান।
তিনি বলেন, আপনারা অনুগ্রহ করে সড়ক ছেড়ে দেন। আপনাদের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। আপনারা সড়ক না ছাড়লে আমরা অ্যাকশনে যেতে বাধ্য হব।
এসময় অবরোধকারীরা উত্তেজিত হয়ে বলেন, দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা সড়ক ছাড়ব না। প্রয়োজনে আজ আমরা জীবন দেব, তবুও দাবি আদায় না করে ঘরে ফিরব না। ঘটনাস্থলে ডিএমপির রমনা জোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
আউটসোর্সিং কর্মীরা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, অধিদপ্তরের সব প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতদের চাকরি স্থায়ী করার এক দফা দাবি জানিয়েছেন।