© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সুন্দর ভবিষ্যতের জন্য পরিবেশের সুরক্ষা করতে হবে: পরিবেশ উপদেষ্টা

শেয়ার করুন:
সুন্দর ভবিষ্যতের জন্য পরিবেশের সুরক্ষা করতে হবে: পরিবেশ উপদেষ্টা

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫১ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৫
সুন্দর ভবিষ্যতের জন্য পরিবেশের সুরক্ষা অপরিহার্য বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, “পরিবেশের সুরক্ষা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। উন্নয়ন হতে হবে এমনভাবে, যাতে প্রকৃতির ওপর অতিরিক্ত চাপ না পড়ে।”

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় সেনা প্রাঙ্গণে ইউনিভার্সিটি অব স্কলার্সের প্রথম সমাবর্তনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “প্রকৃতিকে পরাজিত করা সম্ভব নয়; বরং তার সঙ্গে সামঞ্জস্য রেখে জীবন গড়ে তুলতে হয়। পরিবর্তিত বিশ্বে আমাদের জীবনযাত্রাকে টেকসই করতে হবে।”

শব্দদূষণ ও পলিথিন দূষণের বিরুদ্ধে শিক্ষার্থীদের উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, “শুধু নিজেদের ভবিষ্যৎ নয়, দেশের ভবিষ্যৎ গড়ার দায়িত্বও নিতে হবে। শিক্ষার প্রকৃত মূল্য তখনই পাওয়া যায়, যখন তা সমাজ ও দেশের উন্নয়নে কাজে লাগে। কেবল সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলেই সমাজ বদলাবে না, বরং বাস্তব উদ্যোগের মাধ্যমে পরিবর্তন আনতে হবে।”

তিনি আরও বলেন, “আমাদের দায়িত্ব শুধু নিজেকে নিয়ে ভাবা নয়, সমাজ ও দেশকেও নিয়ে ভাবতে হবে। সেবা প্রাপ্তি সহজ করতে হবে, যেন সাধারণ মানুষ হয়রানির শিকার না হয়। এখন সময় দেশের জন্য কাজ করার, সমাজের জন্য অবদান রাখার। সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে পারব।”

সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, “আমরা প্রায়ই অন্যের ওপর দোষ চাপাই, কিন্তু নিজেরা বদলাতে চাই না। সরকার একা পরিবর্তন আনতে পারবে না, আমাদের প্রত্যেককেই পরিবর্তনের অংশ হতে হবে। আমাদের অবস্থান থেকে সচেতন হলেই একটি সুন্দর ও টেকসই বাংলাদেশ গড়া সম্ভব।”

মন্তব্য করুন