© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘ভারতকে কেন অর্থ দেব?’ : ট্রাম্প

শেয়ার করুন:
‘ভারতকে কেন অর্থ দেব?’ :  ট্রাম্প

ছবি:সংগৃহীত

তাহমিনা তাশরিফ
০৭:২৩ পিএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ভারতে ইউএসএআইডি’র অনুদান ঘুষের প্রকল্প। এটি বেআইনি ও অন্যায্য। ভারতকে যুক্তরাষ্ট্রের নয় বরং যুক্তরাষ্ট্রকে ভারতের সাহায্য করা উচিত বলে মন্তব্য করেছেন ডনাল্ড ট্রাম্প। তার মতে, দিল্লি অনেক আগে থেকেই ওয়াশিংটনের পণ্যে চড়া শুল্ক আয় করছে। সে হিসেবে তাদের অতিরিক্ত আর্থিক সহায়তার প্রয়োজন নেই।

ভারতে ভোটের হার বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রের দেয়া অনুদান প্রসঙ্গে ২৩ ফেব্রুয়ারি ফের দেশটিকে নিশানা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। একইসঙ্গে নয়াদিল্লির কঠোর সমালোচনাও করেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহাসিক মিত্র হিসেবে পরিগণিত ট্রাম্প দিল্লিকে কটাক্ষ করে বলেন, ‘যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনেক সুযোগ-সুবিধা নেয় ভারত। এখন সে সহায়তা ফিরিয়ে দেয়ার সময় এসেছে। দিল্লির উচিত সহায়তা না নিয়ে উল্টো ওয়াশিংটনকে সাহায্য করা।’

এসময়, ট্রাম্প প্রশ্ন তোলেন, যুক্তরাষ্ট্র কেন ভারতকে অর্থ সহায়তা দিচ্ছে? দেশটি ইতোমধ্যেই আমেরিকান পণ্যের ওপর আরোপিত উচ্চ শুল্ক থেকে উপকৃত হচ্ছে, তাহলে কেন তাদের আরও অর্থ দিয়ে সহায়তা করতে হবে?

এর আগে গত সপ্তাহে ভারতে ভোটাধিকার সচেতনতা বৃদ্ধির জন্য বরাদ্দ ২১ মিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ১৮২ কোটি রুপি অনুদান বন্ধ ঘোষণা করে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের জনগণের অর্থে পরিচালিত দাতব্য সংস্থা ইউএসএআইডি’র মাধ্যমে এ অর্থ সহায়তা অনুমোদন দেয়া হয়।

ট্রাম্প বলেন, ‘ভারতকে তাদের নির্বাচনের জন্য আমরা এতো অর্থ কেন দেবো? বরং ওরা আমাদের সাহায্য করুক। সেটা কেমন হবে? ভারতের কোনও অর্থের প্রয়োজন নেই।’ ওয়াশিংটনে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে ভাষণে ট্রাম্প বলেন, ‘ভারতকে তাদের নির্বাচনে সাহায্য করার জন্য আঠারো মিলিয়ন ডলার! কেন দিতে হবে? তাদের সেই নির্বাচনের মাধ্যমেই তারা আমাদের সাহায্য করুক, তাই না? ভোটার আইডি। এটা কি ভালো হবে না?’

প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, ‘ভারত হচ্ছে— বিশ্বের সর্বোচ্চ শুল্ক আরোপকারী দেশগুলোর একটি। তারা আমাদের কাছ থেকে খুব ভালো সুযোগ-সুবিধা নেয়। আমরা কিছু উৎপাদন করলে তাদের কাছে বিক্রি করি। সে সব পণ্যে ভারতের ২০০ শতাংশ শুল্ক আরোপ করে। তারপরও আমরা তাদের নির্বাচনে সাহায্য করার জন্য প্রচুর অর্থ দিচ্ছি। কেন?’

আমেরিকান অনুদান প্রসঙ্গে কথা বলতে গিয়ে এর আগে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামও উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই বক্তব্যে তিনি বলেন, ‘ভোটের হার বৃদ্ধির জন্য ২১ মিলিয়ন মার্কিন ডলার ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে যাচ্ছে! কিন্তু কেন আমরা এই অর্থ ভারতকে দেবো? আমাদেরও তো ভোটের হার বৃদ্ধি করা দরকার।’

এছাড়া ভারতকে বেআইনি ভাবে অনুদান দেওয়ার অভিযোগ করে এর আগে বাইডেন প্রশাসনেরও কঠোর সমালোচনা করেছেন ট্রাম্প। ইলন মাস্কের পাশে দাঁড়িয়ে পূর্বসূরি সাবেক প্রেসিডেন্ট বাইডেনকে নিশানা করে তিনি বলেছিলেন, ‘আমার মনে হয়, ভারতে এই অনুদান পাঠানোর মাধ্যমে অন্য কাউকে জেতানোর চেষ্টা করা হয়েছিল। আমরা এরইমধ্যে বিষয়টি ভারত সরকারকে জানিয়েছি।’

মন্তব্য করুন