© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বারিধারায় জাপানি কোম্পানিতে ৫ লাখ টাকা ‘চাঁদাবাজি’, গ্রেফতার ২

শেয়ার করুন:
বারিধারায় জাপানি কোম্পানিতে ৫ লাখ টাকা ‘চাঁদাবাজি’, গ্রেফতার ২

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪১ পিএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
জাপানভিত্তিক একটি আন্তর্জাতিক সফটওয়্যার কোম্পানির কর্মীদের বাসায় ঢুকে পাঁচ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন দুজন; যারা যুবদলের নেতাকর্মী, বলছে পুলিশ।

রাজধানীর বারিধারা জে ব্লকে বুধবার মধ্যরাতে চাঁদাবাজির ওই ঘটনার দুদিনের মাথায় তাদের গ্রেপ্তারের তথ্য দিয়েছেন ভাটারা থানা পুলিশের দুই কর্মকর্তা।

’বিজেআইটি’ নামের জাপানভিত্তিক আন্তর্জাতিক সফটওয়্যার কোম্পানিটির কর্মীদের কাছে চাঁদা চাইতে এসে গ্রেপ্তার দুজন যুবদলের পরিচয় দেন এবং ওই সময় সেখানে জাপানের অন্তত তিনজন নাগরিকের উপস্থিত থাকার কথা বলেছেন এক পুলিশ কর্মকর্তা।

ভাটারা থানাধীন বারিধারা জে ব্লকে ‘বিজেআইটির’ কোম্পানির অফিসের পাশের একটি ভবনে জাপান থেকে আসা কর্মীদের আবাসনের বন্দোবস্ত রয়েছে। সেখানে ‘চাঁদাবাজির’ ওই ঘটনা ঘটে গত বুধবার (১৯ ফেব্রয়ারি) মধ্যরাতে। ৫০ লাখ টাকা চাঁদা দাবির পর পাঁচ লাখ নগদ নিয়ে ভবনটি ছাড়েন যুবকরা।

মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ রুবেল বলেন, চাঁদাবাজির এ মামলায় গ্রেপ্তার দুই আসামির নামও রুবেল। এদের একজন ভাটারা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং আরেকজন কর্মী।

ওই পুলিশ কর্মকর্তা বলেন, ২১ ফেব্রুয়ারি তাদের গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল। রোববার আদালতে রিমান্ড শুনানির পর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এখন তাদেরকে থানায় এনে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে।

‘চাঁদাবাজির’ এ ঘটনায় বিজেআইটির একজন ব্যবস্থাপক বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে শুক্রবার ভাটারা থানায় একটি মামলা করেন। এতে চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে।

পরে পুলিশ ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখে দুজনকে গ্রেপ্তার করে।

ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, দুদিন আগে মামলা হয়েছে। সেখানে চাঁদাবাজি করেছে, চাঁদাও নিয়েছে।

“জাপানি কোম্পানির শাখা অফিস হিসেবে বারিধারা জে ব্লকে একটি বাসা ভাড়া নেওয়া হয়। সেখানে কর্মীরা থাকতেন। সেখানে গিয়ে চাঁদা দাবির অভিযোগে মামলাটি করেন কোম্পানির একজন স্টাফ।”

ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক বলেন, বিজেআইটিতে জাপানিদের পাশাপাশি বাংলাদেশিরা কাজ করেন। সেখানে জাপানি যারা আসেন তারা পাশে কোম্পানিরই একটি ভাড়া করা ভবনে থাকেন। সেখানে কয়েকজন জাপানি নাগরিক, বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি এবং তিনজন বাংলাদেশি ছিলেন। তারা ওই বাসায় ঢুকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে পরে পাঁচ লাখ টাকা নিয়ে চলে যায়। পরে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুজনকে শনাক্ত ও গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা বিএনপির বলে পরিচয় দিয়েছেন। তারা মূলত যুবদলের রাজনীতিতে যুক্ত বলে জানা গেছে।

এ বিষয়ে বিজেআইটির পক্ষ থেকে কেউ কথা বলেননি। কোম্পানিটির একজন দায়িত্বপ্রাপ্ত বলেন, অভিযুক্তরা একটি রাজনৈতিক দলের পরিচয় দিয়ে এ কাজ করায় তারা এমনিতেই যথেষ্ট ভয়ে আছেন। আর সংবাদমাধ্যমে কথা বলতে হলে তাদের কোম্পানি থেকে পূর্বানুমোদন প্রয়োজন হয়।

মন্তব্য করুন