© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এ বছরই যুদ্ধ শেষের আশা করছে ইউক্রেন: জেলেনস্কি

শেয়ার করুন:
এ বছরই যুদ্ধ শেষের আশা করছে ইউক্রেন: জেলেনস্কি

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০১ এএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তার দেশ চলমান যুদ্ধ আরও তিন বছর চালিয়ে যেতে চায় না, বরং চলতি বছরেই এর অবসান ঘটানোর আশা করছে। ইউক্রেইন যুদ্ধের তিন বছর পূর্তিতে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জেলেনস্কি বলেন, “যুদ্ধ গোটা দেশের জন্য অত্যন্ত কঠিন,” এবং দ্রুত সংঘাতের সমাপ্তি ঘটানোই তাদের লক্ষ্য।

রাশিয়াকে আগামী দিনগুলোকে ঠেকিয়ে রাখতে স্বল্প মেয়াদে নিরাপত্তার নিশ্চয়তা প্রয়োজন বলে জানান জেলেনস্কি। তিনি বলেন, “ইইউ কিংবা নেটোতে দ্রুত যোগ দিলে আমাদের জন্য তা খুবই সহায়ক হবে।”

সম্প্রতি জেলেনস্কি পশ্চিমা সামরিক জোট নেটোতে সদস্যপদ পাওয়ার বিনিময়ে প্রেসিডেন্ট পদ ছেড়ে দিতেও রাজি বলে জানিয়েছেন।

তবে রাশিয়া বরাবরই ইউক্রেইনের নেটোতে যোগদানের বিরোধিতা করে এসেছে। ওদিকে, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর তিনিও রাশিয়া ঘেঁষা নীতিই অনুসরণ করছেন।

ইউক্রেইনের নেটো সদস্যপদ পাওয়ার দরকার নেই এমন কথাও বলেছেন তিনি। ইউক্রেইন যুদ্ধ শেষের আলোচনায় ইউরোপকে অনেকটা এড়িয়ে চলছেন ট্রাম্প। আর তাতে ক্ষুব্ধ ইউরোপ আরও দৃঢ়ভাবে ইউক্রেইনের পাশে দাঁড়াচ্ছে।

ইউক্রেইন যুদ্ধের তিনবছরপূর্তিতে ইউরোপীয় নেতারা সোমবার কিইভে জড়ো হয়েছেন। আর স্বভাবতই সেখানে উপস্থিত নেই যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা।

জেলেনস্কি সোমবার ইউরোপীয় নেতাদের সঙ্গেই এক সংবাদ সম্মেলনে যুদ্ধ এবছরই শেষ করার আশা এবং নেটো বা ইইউতে যোগ দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

নেটোতে ইউক্রেইনের সদস্যপদ পাওয়ার বিষয়টি নিয়ে কিছু বলা না গেলেও ইইউ-তে ইউক্রেইনের অচিরেই যোগ দেওয়ার আশা প্রকাশ করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন।
ইউক্রেইন ঠিক কবে নাগাদ ইইউতে যোগ দিতে পারে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ভন ডার লিয়েন বলেন, ২০৩০ সালের আগেই তা হতে পারে।

মন্তব্য করুন