যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে অ্যাপল
ছবি: সংগৃহীত
০৭:৩১ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
যুক্তরাষ্ট্রে আগামী চার বছরে ৫০০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করবে প্রযুক্তি কোম্পানি অ্যাপল। এই সময়ে কোম্পানিটি টেক্সাসে অত্যাধুনিক একটি কারখানা তৈরি করবে।
মার্কিন প্রযুক্তি কোম্পানিটি জানিয়েছে, এই বিনিয়োগের ফলে অন্তত ২০ হাজার কর্মসংস্থান তৈরি হবে। গবেষণা, উন্নয়ন, সফটওয়্যার ও কৃত্রিম বুদ্ধিমত্তার ওপরই মূলত জোর দেওয়া হবে।
সম্প্রতি অ্যাপলের বস টিম কুক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করে বিনিয়োগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে অগ্রধিকার দেওয়ার কথা জানান। তার কয়েক দিন পরেই কোম্পানিটি এই ঘোষণা দিলো।
টেক্সাসের হিউস্টনে দুই লাখ ৫০ হাজার বর্গফুটের নতুন কারখানাটি এমন সার্ভার তৈরি করবে, যা আগে যুক্তরাষ্ট্রের বাইরে থেকে তৈরি হতো। আইফোন নির্মাতা কোম্পানিটি আরও জানিয়েছে, এটি ২০২৬ সালে চালু হবে এবং হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে। অ্যাপল উত্তর ক্যারোলিনা, আইওয়া, ওরেগন, অ্যারিজোনা এবং নেভাদায় ডেটা সেন্টারের সক্ষমতাও সম্প্রসারণ করছে।
তবে স্থানীয় সময় সোমবার (২৪ ফেব্রুয়ারি) অ্যাপল কর্তৃক এই নতুন বিনিয়োগের ঘোষণা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির কিছুদিন পরেই এসেছে। সম্প্রতি, ট্রাম্প জানিয়েছেন যে অ্যাপলের সিইও টিম কুক তাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে প্রতিষ্ঠানটি সকল উৎপাদন কার্যক্রম মেক্সিকো থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানান্তর করবে। সাথে ট্রাম্প উল্লেখ করেছেন যে কোম্পানিটি শুল্ক এড়াতে এটি করছে।
এছাড়াও ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তের জেরে বিদেশে বিক্রি হওয়া আইফোনের দাম আরও বাড়িয়ে দেবে। তাই অনেকটা চাপে পড়ে কিংবা বাধ্য হয়ে উৎপাদন কার্যক্রম মেক্সিকো থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানান্তর করছে অ্যাপল।